২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় সরকারের দাবি মানলে হরতাল দেবো না: মওদুদ

নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে- সরকার এ ঘোষণা দিলেই আগামীতে হরতালের মতো আর কোনো কঠোর কর্মসূচি দেবে না বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে- সরকার এ ঘোষণা দিলেই আগামীতে হরতালের মতো আর কোনো কঠোর কর্মসূচি দেবে না বিএনপি। সোমবার বিকালে ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে দলের এই অবস্থানের কথা জানালেন মওদুদ আহমদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেই সরকারকে আগামী দেড় বছর নির্বিঘেœ দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে।” মওদুদ বলেন, “প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই- দলীয় সরকারের অধীনে এদেশে আর কোনো দিন নির্বাচন হবে না। আপনি রাজনীতিবিদের কন্যা। এটা আপনি ভালো করেই জানেন। তাই জেদ পরিহার করে এখনই নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।” নইলে গণতন্ত্র রক্ষার স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া বিএনপির আর কোনো গত্যন্তর থাকবে না বলে হুঁশিয়ার করে দেন এই বিএনপি নেতা। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর-দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নেতা রফিকুল আলম মজনু, এস এম জাহাঙ্গীরসহ নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের কঠোর সমালোচনা করে সাবেক এই আইনমন্ত্রী অভিযোগ করেন, ১১ জুনের সমাবেশ যাতে না হয় সেজন্যই সরকার ‘মিথ্যা’ মামলা দিয়ে নেতাদের গ্রেপ্তার করে কারাগারে আটক রেখেছে। “কিন্তু আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই- তাদের (সরকার) এ প্রচেষ্টা ব্যর্থ হবে। ১১ জুন ঢাকার সমাবেশটি মহাসমাবেশে পরিণত হবে।’’ নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে গত ১২ মার্চ বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সরকারকে ৯০ দিন অর্থাৎ ১০ জুন পর্যন্ত সময় বেঁধেদেন। খালেদা জিয়া বলেন, ‘‘এই সময়ের মধ্যে দাবি না মানলে ১১ জুন ঢাকায় সমাবেশ করে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেবো আমরা।’’ বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ বলেন, নির্দলীয় সরকারের দাবিটি এখন আর বিএনপির হাতে নেই। এটি রাজপথে জনগণের হাতে চলে গেছে। বিএনপি সংঘাত-সংঘর্ষে বিশ্বাস করে না। সরকারের ‘ব্যর্থতার’ কারণে দেশে আইনের শাসন ভেঙে পড়েছে বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে সাবেক এই আইনমন্ত্রী উল্লেখ করেন যে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, সৌদি কূটনীতিক হত্যা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে হামলা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুম ঘটনা, ঢাকার নি¤œ আদালতে পুলিশ কর্তৃক নারীর শ্লীলতাহানি ইত্যাদি ঘটনার কোনোটিরই বিচার ও হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি। মওদুদ মনে করেন, পুলিশ বাহিনীকে ‘রাজনৈতিক কারণে’ ব্যবহার করায় তাদের (পুলিশ) ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। পুলিশ সদস্যরা সর্বত্র নিয়ন্ত্রণহীন, বেপরোয়া হয়ে পড়েছে। মহানগর দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদ ও উত্তরের সভাপতি মামুন হাসানের যৌথ সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলীসহ যুব দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৯ ঘ.