২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম কে আনোয়ারের গাড়িবহরে হামলার অভিযোগ

স্থানীয় প্রশাসন হোমনা শিল্পকলা একাডেমীতে ১৪৪ ধারা জারি করায় এম কে আনোয়ারের বাসায় তার সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

কুমিল্লা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতা ও সাংসদ এম কে আনোয়ারের গাড়িবহরে আওয়ামী লীগ কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া স্থানীয় বিএনপি হোমনা শিল্পকলা একাডেমীতে এম কে আনোয়ারের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পর স্থানীয় আওয়ামী লীগ একই স্থানে বর্ধিত সভা ডাকায় সোমবার সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। হোমনা উপজেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম রাজু সাংবাদিকদের বলেন, সোমবার দুপুুর দেড়টার দিকে তিতাস এলাকায় একটি জনসভা শেষে গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রা করে নিজ বাস ভবনে যাচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। “পথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই লিটন মিয়া দলবল নিয়ে এমকে আনোয়ারের গাড়ির সামনে চেয়ার ছুঁড়ে মারে।” এ ঘটনার পর বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে দুই পক্ষেকে ছত্রভঙ্গ করে দেয়। অবশ্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল হামলার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এম কে আনোয়ারের গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।” এ ব্যাপারে কথা বলার জন্য হোমনা থানার ওসি আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। যুবদল নেতা রাজু বলেন, “গত ৩১ মে হোমনা শিল্পকলা একাডেমীতে এম কে আনোয়ার গণসংবর্ধনার জন্য ইউএনওর অনুমতি নিয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের অনুষ্ঠান ভ-ুল করতে রোববার আওয়ামী লীগ ওই স্থানে বর্ধিত সভা আহবান করে।” ওই স্থানে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় এম কে আনোয়ারের বাসভবনেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে এম কে আনোয়ার বলেন, গাড়ি বহর নিয়ে আসার সময় তারা ঢিল ছুঁড়েছে। বিএনপির নেতাকর্মীরা তেড়ে গেলে আওয়ামী লীগের লোকজন পালিয়ে যায়। “দুর্ভাগ্য হল তারা ঢিল ছুঁড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের নিবৃত করেন। এ খবর শুনে কয়েক হাজার লোক জমা হয়ে যায়। আমি তাদের শান্ত থাকতে বলেছি,” যোগ করেন তিনি। কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি মো. খোরশেদ আলম এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এদিকে বিকালে এমকে আনোয়ারের বাড়ির সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজ মোল্লা, পৌর কমিটির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় এম কে আনোয়ারসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে পাঠায় আদালত। পরে সংসদ সদস্য হিসাবে উচ্চ আদালত থেকে জামিন পান এম কে আনোয়ারসহ বিরোধী দলের সাংসদরা। এ উপলক্ষে তার নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনায় সোমবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৯৫১ ঘ.