কুমিল্লা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ারের জামিনে মুক্তি উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সংবর্ধনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
কুমিল্লার হোমনা উপজেলার সদরের শিল্পকলা একাডেমীতে সোমবার এ অনুষ্ঠান হওয়ার কথা।
হোমনা থানার ওসি জলিল আহমেদ সাংবাদিকদের জানান, একই স্থানে বিএনপি গণসংবর্ধনা এবং উপজেলা আওয়ামী লীগ জরুরি বর্ধিত সভা ডাকায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিল্পকলা একাডেমীতে সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল আহমেদ রোববার রাতে এই নিষেধাজ্ঞা জারি করেন বলে জানান ওসি।
এ নিয়ে উত্তেজনার কারণে শিল্পকলা একাডেমী এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় এম কে আনোয়ারসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে পাঠায় আদালত। পরে সংসদ সদস্য হিসাবে উচ্চ আদালত থেকে জামিন পান এম কে আনোয়ারসহ বিরোধী দলের সাংসদরা।
এ উপলক্ষে তার নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনায় সোমবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২২৫ ঘ.
bdnews24