ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতন, দেশত্যাগে বাধ্যকরাসহ মানবতাবিরোধী অপরাধের সাত ধরনের ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানকে অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কামারুজ্জামান জামায়াতে ইসলামীর ওই সময়ের ছাত্র সংগঠন ছাত্রসংঘের ময়মনসিংহ জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি ২২ এপ্রিল জামালপুরের আশেক-মাহমুদ কলেজের ইসলামী ছাত্রসংঘের বাছাই করা নেতাকর্মীদের নিয়ে আলবদর বাহিনী গড়ে তোলেন।
এই বাহিনী বৃহত্তর ময়মনসিংহে (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর ও টাঙ্গাইল) গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ ঘটায় বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে ট্রাইব্যুনাল দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের জন্মকথা, ইসলামী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ভূমিকা, ভাষা আন্দোলন, সত্তরের নির্বাচন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতা না দেওয়া, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চ স্বাধীনতার ঘোষণাসহ বিভিন্ন ঐকিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে।
দীর্ঘ সময় মানবতাবিরোধী অপরাধের বিচার না হওয়ার প্রসঙ্গ টেনে বিচারক বলেন, “এ ধরনের অপরাধের বিচারে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। এই অপরাধের বিচার হবে এটাই মূল বিষয়। চালর্স টেলর, অগাস্টা পিনোশে, স্লোভাদান মিলোসোভিচসহ অনেক মানবাতাবিরোধী অপরাধীর বিচার এখানো হচ্ছে।”
এরপর কামারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনায় ট্রাইব্যুনাল।
বদিউজ্জামানকে হত্যা
প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, কামারুজ্জামানের নেতৃত্বে একাত্তর সালের ২৯ জুন শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কালীনগর গ্রামে ফজলুল হকের ছেলে বদিউজ্জামানকে রামনগর গ্রামের আহম্মদ মেম্বারের বাড়ি থেকে ধরে নিয়ে যায় আলবদর বাহিনীর সদস্যরা।
এরপর তাকে নির্যাতন করে আহম্মদনগরের রাস্তার ওপরে গুলি করে হত্যা করা হয়। পরে লাশ টেনে নিয়ে কাছাকাছি কাঠের পুলের নিচে পানিতে ফেলে দেওয়া হয়।
প্রভাষক আব্দুল হান্নানকে নির্যাতন
একাত্তরের মে মাসের মাঝামাঝি এক দুপুরে শেরপুর কলেজের তৎকালীন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সৈয়দ আব্দুল হান্নানকে খালি গায়ে মাথা ন্যাড়া করে, গায়ে ও মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে উলঙ্গ অবস্থায় চাবুক দিয়ে পেটাতে পেটাতে শেরপুর শহর ঘোরায় আসামি কামারুজ্জামান ও তার সহযোগীরা।
সোহাগপুরে গণহত্যা
একাত্তরের ২৫ জুলাই ভোর বেলায় কামারুজ্জামানের পরিকল্পনা ও পরামর্শে রাজাকার, আলবদরসহ পাকিস্তানী সেনাবাহিনী শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর গ্রাম ঘিরে ফেলে। এরপর তারা বাড়ি বাড়ি গিয়ে ১২০ জন পুরুষকে ধরে এনে হত্যা করে। ধর্ষণের শিকার হন গ্রামের মহিলারা।
গোলাম মোস্তফাকে হত্যা
১৯৭১ সালের ২৩ অগাস্ট মাগরিবের নামাজের সময় গোলাম মোস্তফা তালুকদারকে ধরে নিয়ে যায় আলবদর বাহিনীর সদস্যরা। কামারুজ্জামানের নির্দেশে তাকে সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে বসানো আলবদর ক্যাম্পে রাখা হয়।
মোস্তফার চাচা তোফায়েল ইসলাম এরপর কামারুজ্জামানের সঙ্গে দেখা করে তার ভাতিজাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু ওই রাতে আলবদর বাহিনীর সদস্যরা গোলাম মোস্তফা ও আবুল কাশেম নামের আরেক ব্যক্তিকে মৃগি নদীর ওপর শেরি ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে।
গুলিতে গোলাম মোস্তফা নিহত হলেও হাতের আঙ্গুলে গুলি লাগায় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান আবুল কাশেম।
লিয়াকতসহ ৮ জনকে হত্যা
একাত্তরে রমজান মাসের মাঝামাঝি সময়ে এক সন্ধ্যায় শেরপুরের চকবাজারের বাসা থেকে মো. লিয়াকত আলী ও আরো ১১ জনকে আটক করে ঝিনাইগাতী আর্মি ক্যাম্পে নিয়ে যায় আলবদর বাহিনীর সদস্যরা। এরপর তিনজন ছাড়া বাকি সবাইকে গুলি করে হত্যা করা হয়।
গুলি করার সময় আসামি কামারুজ্জামান ও তার সহযোগী কামরান সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
দিদারসহ কয়েকজনকে নির্যাতন
একাত্তরের নভেম্বর মাসে দিদারসহ কয়েকজনকে ময়মনসিংহ শহরের জেলা পরিষদ ডাকবাংলোয় ধরে নিয়ে যায় আলবদর বাহিনী। পাকিস্তানের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করতে সেখানে নির্যাতন চলে তাদের ওপর।
টেপা মিয়াসহ ৫ জনকে হত্যা
একাত্তরে ২৭ রোজার দিন দুপুরে টেপা মিয়ার বাড়ি ঘেড়াও করে আলবদর বাহিনী। এরপর কামারুজ্জামানের নির্দেশে টেপা মিয়াসহ ৫ জনকে হত্যা করা হয়।
আনুষ্ঠানিক অভিযোগের বিবরণ অনুযায়ী, কামারুজ্জামান এসব অপরাধ করেছেন একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে। তার বিচরণক্ষেত্র ছিল বৃহত্তর ময়মনসিংহ জেলা।
এসব অভিযোগ অস্বীকার করে কামারুজ্জামান বলেন, “এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমি আওয়ামী লীগে যোগ দিলে এই অভিযোগ আনা হতো না। যেমন আনা হয়নি মওলানা নূরুল ইসলাম ও ফয়জুল হকের বিরুদ্ধে।”
প্রসিকিউশন গত ১৫ জানুয়ারি এই জামায়াত নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৩১ জানুয়ারি ট্রাইব্যুনাল তা আমলে নেয়। পরে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কামারুজ্জামানের বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু হয়। ওই বছরের ২ অগাস্ট মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/পিসি/জেকে/১৫৪০ ঘ.
bdnews24