ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ অবমাননার অভিযোগকে ‘মিথ্যা’ হিসাবে উল্লেখ করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
সংসদ সদস্য ও মন্ত্রীদের নিয়ে ‘আপত্তিজনক’ বক্তব্যের জন্য রোববার আবদুল্লাহ আবু সায়ীদকে ক্ষমা চাইতে বলেছিলেন জাতীয় সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনকারী আলী আশরাফ।
এর প্রতিক্রিয়ায় রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “সংসদে আমার যেসব উদ্ধৃতি নিয়ে আলোচনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। টিআইবির অনুষ্ঠানে আমি ওই ধরণের কথা বলিনি।”
শনিবার এক আলোচনা সভায় বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্ণধারের বক্তব্য ধরে কয়েকজন সংসদ সদস্যের আলোচনার পর আবু সায়ীদকে সংসদে এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আলী আশরাফ।
সংসদে এ নিয়ে আলোচনায় কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, শনিবার টিআইবির আলোচনা সভায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ ‘সাংসদ ও মন্ত্রীরা চোর-ডাকাতের মতো আচরণ করেন এবং শপথ ভঙ্গ করেন’ বলে মন্তব্য করেছেন বলে দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়েছে।
ক্ষমা চাওয়ার বিষয়ে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “সংসদ ক্ষমা চাইতে বললেই আমি ক্ষমা চাইবো নাকি। যে কথা আমি বলিনি, তার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।”
সংসদ সদস্যদের কাছ থেকে ‘মর্যাদাপূর্ণ’ আচরণ আশা করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “বিষয়টি নিয়ে কথা বলার আগে সংশিষ্ট তথ্য যাচাই করে নেওয়া প্রয়োজন ছিল। সংসদ সদস্যরা জাতির রক্ষক, তাই তাদের কাছ থেকে ন্যুনতম মর্যাদা আশা করতে পারি আমরা।”
রোববার টিআইবির অনুষ্ঠানে নিজের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, “ওই অনুষ্ঠানে আমি বলেছিলাম, একটা চোর চুরি করলে বা ডাকাত ডাকাতি করলে দুর্নীতি হবে না। কারণ দুর্নীতির সঙ্গে নীতি সম্পর্কিত। আর চোর বা ডাকাতের নীতিই নেই। তাই তাদের ক্ষেত্রে দুর্নীতির বিষয়টি আসেই না।”
আবু সায়ীদ বলেন, “ওই সময় আমি বলি, যদি কোনো মন্ত্রী এই বলে শপথ নেয় যে, তিনি শত্রু-মিত্র ভেদাভেদ না করে সবার প্রতি সুবিচার করবেন এবং সেটা যদি ভঙ্গ করেন তাহলে তা দুর্নীতি হবে।”
আবু সায়ীদ বলেন, “আমার এ বক্তব্যটি একটি পত্রিকায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটাই সংসদ সদস্যরা পড়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১১৪১ ঘ.
bdnews24