২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলের অধীনে অন্তর্বর্তীকালীনের আলোচনায় বিএনপি নেই’

দলীয় সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে কোনো সংলাপে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে কোনো সংলাপে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি দলের এই অবস্থানের কথা জানান। মওদুদ আহমদ বলেন, “আমাদের দাবি স্পষ্ট, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। এই দাবি সরকার নীতিগতভাবে মেনে নেওয়ার ঘোষণা দিলেই বিএনপি সংলাপে বসবে।” সরকার গত বছর সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিরোধী দল তা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে। ১০ জুনের মধ্যে এ দাবি পূরণ না হলে সরকার পতনের আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন স¤প্রতি বাংলাদেশ সফরে এসে দুই দলকে সংলাপে বসার আহ্বান জানান। এরপর সংলাপের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী ঘিরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিদর্লীয় সরকারের দাবি সম্পর্কে মওদুদ আহমদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই- আগামী নির্বাচন দলীয় নয়, নির্দলীয় সরকারের অধীনে হতে হবে।” জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সাবেক উপ উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, কবি আবদুল ইউাসুফ হায়দার, জাসাস সাধারণ সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ, ইমতিয়াজ হোসেন চপল,আনিসুল ইসলাম শামীম, রফিকুল ইসলাম, লিয়াকত আলী, আহসানুল্লাহ চৌধুরী, সালাহউদ্দিন শিশির, জাহাঙ্গীর আলম শিকদার প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১২২ ঘ.