২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা দুর্নীতিগ্রস্ত দুই ছেলেকে রক্ষার ষড়যন্ত্র করছেন’

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অভিযোগ করেছেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছে। আর বিরোধী দলের নেতা তার দুর্নীতিগ্রস্ত দুই ছেলেকে রক্ষার ষড়যন্ত্র করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অভিযোগ করেছেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছে। আর বিরোধী দলের নেতা তার দুর্নীতিগ্রস্ত দুই ছেলেকে রক্ষার ষড়যন্ত্র করছেন। তিনি আরো বলেন, “এজন্য বিরোধী দল ও তাদের নেত্রী (খালেদা জিয়া) দেশের কোনো উন্নয়ন দেখেন না। সরকারের কোনো উন্নয়ন কর্মকান্ডই বিরোধী দলের চোখে পড়ে না।” শাজাহান খান শনিবার টঙ্গীতে ‘টঙ্গী নদীবন্দর টার্মিনাল’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল। এজন্য দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এ বিচার বানচালে বিরোধীদলের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে মন্ত্রী হুঁশিয়ার করে দেন। চারদিকে বৃত্তাকার নৌ-পথ উন্নয়নের মাধ্যমে ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থার উন্নতি এবং যানজট নিরসন প্রকল্পের আওতায় টঙ্গীতে ‘টঙ্গী নদীবন্দর টার্মিনাল’ নির্মাণ করা হয়। টঙ্গী নদী বন্দর নির্মাণে মোট ব্যয় হয় প্রায় দুই কোটি ৮৫ লাখ টাকা। এতে পাঁচ হাজার ৬৪০ বর্গফুট আকারের একটি দ্বিতল টার্মিনাল ভবন, বিভাগীয়ভাবে সরবরাহ করা দু’টি পন্টুন, একটি আরসিসি জেটি বা সিড়ি এবং দুই হাজার ৭৩৪ বর্গমিটার পার্কিং মাঠ রাখা হয়েছে। এছাড়া দু’টি আরসিসি র‌্যাম্প, দু’টি স্টীল গ্যাংওয়ে, চারটি স্পাড, তীর রক্ষা বাঁধ, ভূগর্ভস্থ নর্দমা ও সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। ঢাকা শহরের চারদিকে নৌ-পথ চালু প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার আশুলিয়া থেকে টঙ্গী হয়ে কাঁচপুর পর্যন্ত ৪০ দশমিক ৫০ কিলোমিটার নৌ-পথের নাব্যতা উন্নয়ন ও অবতরণ সুবিধার ব্যবস্থা থাকবে। এজন্য ব্যয় হবে ৬৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় মোট ১৭ লাখ ৪৪ হাজার ঘনমিটার খনন করে ২৯ দশমিক ৫০ কিলোমিটার নৌ-পথ উন্নয়ন করা হয়। এতে সোয়ারীঘাট, নবাববাগ, খোলামুড়া, রায়েরবাজার, বসিলা, গাবতলী, আমিনবাজার, সিন্নিরটেক, বিরুলিয়া ও আশুলিয়াসহ ১০টি স্থানে অবতরণ সুবিধাও নির্মাণ করা হয়। নৌপথ ধ্বংসকারীদের সম্পর্কে শাজাহান খান বলেন, তারা হত্যাকারী বা শত্র“ হিসেবে চিহ্নিত। সরকার নদী রক্ষা করতে চায়। এজন্য বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম শুরু করেছে। নৌপরিবহণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার নদী খনন ও নাব্যতা রক্ষার্থে তিনটি ড্রেজার এবং দ্রুত ও সহজে যানবাহন পারাপারের লক্ষ্যে পাঁচটি ফেরি কিনেছে। আরো ১৭ টি ড্রেজার ও নয়টি ফেরি কেনা প্রক্রিয়াধীন রয়েছে। সাংসদ জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্ল¬াহ খান, নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার এবং বিআইডব্লি¬উটিএ’র চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকার এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৪৫ ঘ.