২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মওদুদের

গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-নিপীড়ন বন্ধে দলমত নির্বিশেষে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-নিপীড়ন বন্ধে দলমত নির্বিশেষে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তিনি আরো বলেন, ‘‘এই ইস্যুতে আপনার এক হোন। আমরা আপনাদের পাশে আছি, থাকব।’’ শুক্রবার দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে এ আহবান জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-নির্যাতনের চিত্র তুলে ধরে মওদুদ অভিযোগ করেন, সরকারের ফ্যাসিবাদী চিন্তা-ভাবনার কারণে দেশটা বর্তমানে অনেকটাই পুলিশি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এজন্য একের পর এক পুলিশি নির্যাতন বেড়ে চলেছে। বিকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘আক্রান্ত গণমাধ্যম ও বিপন্ন স্বাধীনতা শীর্ষক’ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০১০ সালের এই দিনে সরকার আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয় এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে। তাই এ দিনটিকে প্রতিবছর আমার দেশ সংবাদপত্রের ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে আমার দেশ পত্রিকা বন্ধের আলোকচিত্রসহ বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ও ভাষা সৈনিক আবদুল মতিন। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মওদুদ বলেন, “সম্প্রতি নিু আদালত প্রাঙ্গণে পুলিশ কর্তৃক নারীর শ্লীলতাহানি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে সন্ত্রাসী হামলার যে ঘটনা ঘটেছে তা আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন-মানসিকতারই বহিঃপ্রকাশ। তারা কখনোই বিরোধী মত কিংবা সমালোচনা সহ্য করতে চায় না।” সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, ‘‘বিভিন্ন সরকারের আমলে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর নানাভাবে নির্যাতন-নিপীড়ন হয়েছে। এই সরকারের আমলেও হচ্ছে। নির্যাতনের জন্য একে কালো দিবস বলা হলেও আমি একে সাদা দিবস বলতে চাই। এজন্য যে, এর মাধ্যমে নির্যাতনের চিত্র পরিস্কারভাবে আজ জনগণের কাছে তুলে ধরা হয়েছে।’’ মাহমুদুর রহমানের কারাদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, সত্য কথা লেখার জন্য দেশের সর্বোচ্চ আদালত মাহমুদুর রহমান ও অলিউল্লাহ নোমানকে দন্ড দিয়েছেন। এতে আদালত ও আইনজীবীরা লজ্জিত। ভবিষ্যতে আদালত এরকম আচরণ করবে না বলে তিনি আশা প্রকাশ করেন। আদালত অবমাননার জন্য মাহমুদুর রহমানকে ৬ মাসের দন্ড দেয় সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন ভাষা সৈনিক আবদুল মতিন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ফরহাদ মাজহার, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আ ন হ ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। এছাড়া দেশের গণমাধ্যমের অবস্থা তুলে ধরে আমার দেশ এর উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাংবাদিক মাহফুজ উল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আবদুল কাদের সিদ্দিকী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাকসহ রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩১ ঘ.