২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতন: সুরঞ্জিত দুষলেন দুর্বল গণতন্ত্রকে

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশি নির্যাতনের ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করলেও এর জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশি নির্যাতনের ঘটনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ‘দুর্বলতাকে’ দায়ী করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “গণমাধ্যমকে আক্রমণ করার কথাতো পুলিশের ছিল না। এতো অসহিষ্ণুতা কেন। এগুলো গণতান্ত্রিক শক্তির প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণে ঘটছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন সংসদ কিংবা নির্বাচন কমিশন যদি কার্যকর এবং শক্তিশালী হতো তাহলে এ ধরনের ঘটনা আর ঘটতো না।” দায়িত্ব পালনের সময় পুলিশকে ‘সংযমী আচরণ’ করার আহবান জানান তিনি। গত সপ্তাহে রাজধানীতে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভের সময় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হন প্রথম আলোর তিন ফটো সাংবাদিক। আদালত পাড়ায় পুলিশের হাতে এক তরুণীর শ্লীলতাহানির খবর সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক পিটুনির শিকার হন। আর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনে এই ইন্টারনেট সংবাদপত্রের দুই সাংবাদিককে ছুরি মেরে আহত করে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশি নির্যাতনের ঘটনায় ‘দুঃখ’ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর দুপুরে বার্তা সংস্থা পিটিবি নিউজ ডটকম আয়োজিত আলোচনা সভায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতার জন্য বিরোধীদলের সহযোগিতার অভাবকে দায়ী করেন ক্ষমতাশীন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত। তিনি বলেন “বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকটে রয়েছে গণতন্ত্র। দেশে গণতন্ত্র টিকিয়ে রাখাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার সন্দেহ হয় আদৌও তারা (বিএনপি) গণতন্ত্রে বিশ্বাস করে কিনা।” “গণতন্ত্রে বিরোধী দল না থাকলে গণতন্ত্রের জবাবদিহিতা থাকে না। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে বিরোধী দল সংসদে অংশ নেয় না”, যোগ করেন তিনি। বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সরকার বিরোধী দলের সাথে সংলাপে রাজি আছে। তবে সংলাপে কোনো শর্ত যোগ করা যাবে না। আপনারা (বিরোধী দল) নির্বাচন বিষয়ে আপনাদের রূপরেখা জানান। সরকার অবশ্যই তা বিবেচনায় আনবে।” অবশ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার প্রবর্তনের বিষয়টি নাকচ করে তিনি বলেন, “কোনো অনির্বাচিত সরকারের হাতে সরকার ক্ষমতা হস্তান্তর করবে না।” পিটিবি নিউজ ডটকম আয়োজিত ‘স্বাধীনতার চল্লিশ দশক পূর্তি : জাতির প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পঙ্কজ ভট্টাচার্য বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬০৯ ঘ.