২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারে এখন ভাটির টান’

সরকারের মেয়াদের তিন-পঞ্চমাংশ পেরুনোর পর মন্ত্রিসভায় স্থান পাওয়া ওবায়দুল কাদের বাকি এক বছরে উন্নয়নমূলক কাজের গতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মেয়াদের তিন-পঞ্চমাংশ পেরুনোর পর মন্ত্রিসভায় স্থান পাওয়া ওবায়দুল কাদের বাকি এক বছরে উন্নয়নমূলক কাজের গতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার বক্তব্য, প্রতিটি সরকারের শেষ সময় ভাটির টান থাকে। “আগামী বছরের শুরুতেই নির্বাচনী কাজ শুরু হবে, তাই এ সময়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড কীভাবে করবে,” বলেছেন যোগাযোগমন্ত্রী। বৃহস্পতিবার এক সেমিনারে সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ব্যবসায়ী নেতারা বিভিন্ন সুপারিশ তুলে ধরলে মন্ত্রী ওই কথা বলেন। তবে তিনি একইসঙ্গে বলেন, কঠিন হলেও সরকারের শেষের দিকে উন্নয়নমূলক কাজ করা একদম অসম্ভব নয়। ব্যবসায়ী নেতাদের বিভিন্ন সুপারিশ শুনে ওবায়দুল কাদের বলেন, “আমি বসে আছি পড়ন্ত বেলায়, সরকারের শুরুতে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব নিলে হয়ত সুপারিশ নিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করা যেত।” হঠাৎ করেই সব পরিবর্তন করা যায় না মন্তব্য করে তিনি বলেন, “মালয়শিয়ার বসে মাহথির মোহাম্মদ হওয়া যায়, কিন্তু বাংলাদেশ বসে তা সম্ভব নয়।” বিভিন্ন উন্নয়নমূলক কাজের অর্থ ছাড় প্রক্রিয়া অনেক জটিল হওয়ায় বরাদ্দ থাকলেও অনেক সময় টাকা হাতে পেতে দেরি হয় বলে মন্ত্রী জানান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সড়ক ও ট্রাফিক ব্যবস্থার ভূমিকা শীর্ষক সেমিনারে মন্ত্রী অবশ্য ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করতে এলিভেটেডে এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল চালুর উদ্যোগে কথা তুলে ধরেন। পদ্মা সেতুর কাজ আগামী নয় মাসের মধ্যে শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের। ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম ব্যবসা-বাণিজ্যের প্রসারে সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ১৬টি সুপারিশ করেন। এর মধ্যে রয়েছে, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দীর্ঘ-স্বল্প এবং মধ্য মেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, দীর্ঘ ফ্লাইওভার এবং আন্ডারগ্রাউন্ড রেল সার্ভিস চালু করা, সব জাতীয় সড়কে দুর্ঘটনা প্রতিরোধে রোড ডিভাইডার স্থাপন ইত্যাদি। অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি ড. তাকাও তোদা যানজট নিরসনে রাজধানীর বিকেন্দ্রীকরণের পরামর্শ দেন। সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কোনো মহাপরিকল্পনা হলে তাতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৭১৩ ঘ.