২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষণা চাই, তারপরই আলোচনা: মওদুদ

সংলাপের আগে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মওদুদ আহমদ বলেছেন, তবেই বিএনপি আলোচনায় বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের আগে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মওদুদ আহমদ বলেছেন, তবেই বিএনপি আলোচনায় বসবে। মঙ্গলবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সংলাপে বিরোধী দলের পক্ষ থেকে এই শর্ত তুলে ধরেন। মওদুদ বলেন, “অন্তর্র্বর্তীকালীন, নিরপেক্ষ কিংবা অস্থায়ী- যে নামের সরকারই হোক না কেন, এ বিষয়ে আমাদের একটি শর্ত থাকবে। তা হচ্ছে, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে- এই আগাম ঘোষণা প্রধানমন্ত্রীকে দিতে হবে। না হলে সংলাপের দরজা খুলবে না।” “যতদিন এই ঘোষণা সরকার প্রধানের তরফ থেকে না আসবে, ততদিন আন্দোলন চলবে,” বলেন তিনি। সংবিধানের পঞ্চদশ সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ হওয়ায় আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দল। নির্দলীয় সরকারের প্রস্তাব বিরোধী দলকে তুলতে সরকারি দলের নেতাদের আহ্বানের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “বিএনপি কোনো বিকল্প প্রস্তাব দেবে না, বরং সরকারি দলকে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প প্রস্তাব উত্থাপন করতে হবে।” জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ। বুধবার জিয়ার ৩১তম মৃত্যুবার্ষিকী। নেতার মৃত্যুর দিনটি ঘিরে ৭ দিনের কর্মসূচি মঙ্গলবারই শুরু হল। সভায় অতিথি সারিতে বসে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলোচকদের বক্তব্য শোনেন। জিয়াউর রহমানের শাসনামলে সংবিধান সংশোধনীর কারণ ব্যাখ্যা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “প্রেসিডেন্ট জিয়া দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের অনুভূতি সংবিধান সন্নিবেশিত করতেই সংশোধনী এনেছেন। বিসমিল্লাহ, আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা ইত্যাদি মৌলিক পরিবর্তন এনেছিলেন। “তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। আর খালেদা জিয়া দ্বাদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন,” বলেন তিনি। বিএনপির সহসভাপতি টি এইচ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার জীবন-কর্মের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সাবেক সচিব আসাফ-উদ-দ্দৌলা, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। বিএনপি নেতাদের মধ্যে সভায় ছিলেন মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, শমসের মবিন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, জয়নুল আবেদীন, রাজিয়া ফয়েজ, শাহজাহান ওমর, ফজলুর রহমান পটল, এম এ মান্নান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, জয়নুল আবদিন ফারুক, এ জেড এম জাহিদ হোসেন, মিজানুর রহমান প্রমুখ। সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সদরুল আমিন, সাবেক উপউপাচার্য আ ন ম ইউসুফ হায়দারও সভায় ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫৫ ঘ.