সিলেট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে পাঁচটি মামলায় বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ আসামিদের ১৩ জুন তলব করেছে সিলেটের একটি আদালত।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম (দ্রুত বিচার) মো. আবুল কাশেম এ নির্দেশ দেন।
এদিন পাঁচ মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত থাকলেও ইলিয়াস আলী উপস্থিত না হওয়ায় ১৩ জুন হাজির হওয়ার নতুন তারিখ দেয় আদালত।
গত ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী।
মামলায় ইলিয়াসের আইনজীবী আশিক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার বিষয়টি অবহিত করার পর আদালত হাজির হওয়ার জন্য আরও সময় দিয়ে এই নতুন তারিখ ধার্য করে।
গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুনে দেওয়া হয়। এতে একজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনার পরপরই সিলেট নগরীতে আরও ৫০টি গাড়ি ভাঙচুর হয়।
ঘটনাগুলোকে ‘নাশকতা’ উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের পাঁচ থানায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পাঁচটি মামলা করে। এ সব মামলায় ইতোমধ্যে ইলিয়াসসহ বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০২০ ঘ.
bdnews24