২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ হিসাবে মাহমুদুলের শপথ বুধবার

টাঙ্গাইলের সংসদ সদস্য হিসাবে বিএনপির মাহমুদুল হাসানকে বুধবার শপথ পড়াবেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সংসদ সদস্য হিসাবে বিএনপির মাহমুদুল হাসানকে বুধবার শপথ পড়াবেন স্পিকার আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের আইন শাখার সহকারী সচিব নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহামুদুল হাসানকে ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বুধবার বিকাল ৪টায় স্পিকার তাকে শপথ পড়াবেন।” সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সম্প্রতি টাঙ্গাইল-৫ আসনে মহাজোটের সাংসদ আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে মাহমুদুলকে বিজয়ী ঘোষণা করতে বলে। সে অনুযায়ী নির্বাচন কমিশন চলতি মাসে গেজেট প্রকাশ করে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আবুল কাশেম লাঙ্গল প্রতীক নিয়ে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট। কাশেমকে ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর ২০০৯ সালে মাহমুদুল হাইকোর্টে আবেদন করেন। এতে বলা হয়, জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও সোনালী ব্যাংকে তার ১৫ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা খেলাপি ঋণ রয়েছে। ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জে কাশেমের নামে ৩২ হাজার ১১০ টাকা ফোন বিল বকেয়া রয়েছে। ২০০৯ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল সাংসদ আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে মাহমুদুলকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। কাশেম এর বিরুদ্ধে আপিল করলে গত ১৪ ফেব্র“য়ারি তা খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। আদেশের ৭ দিনের মধ্যে মাহমুদুলকে বিজয়ী ঘোষণা করতে বলা হয়। গত ২৯ এপ্রিল ইসি আপিল বিভাগের আদেশের কপি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন গত ৭ মে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়ে পাঠায়। তবে আবুল কাশেম আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনার জন্য একটি আবেদন (রিভিউ পিটিশন) করায় মাহমুদুলের শপথের বিষয়টি বিলম্বিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩০১ ঘ.