২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ যুদ্ধাপরাধে নিজামী অভিযুক্ত

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিচার শুরুর আদেশ দিয়ে ১ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন রেখেছে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা, লুট, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ, তাতে উস্কানি ও সহায়তা দেওয়া এবং পরিকল্পনা ও ষড়যন্ত্রের ১৬ দফা অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ দেয়। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১ জুলাই দিন রেখেছেন বিচারক। জামায়াতের আমীরের বিরুদ্ধে ১৬ দফা অভিযোগের মধ্যে একাত্তরের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার বিষয়টিও রয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ২ অগাস্ট তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছর ১১ ডিসেম্বর জামায়াতের আমীরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনাল গত ৯ জানুয়ারি এ অভিযোগ আমলে নেয়। নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশন যেসব ঘটনা তুলে ধরেছে তার মধ্যে রয়েছে একাত্তরের ডিসেম্বরে পাবনার বেড়া থানার বৃশালিকা গ্রাম ঘেরাও করে ৭০ জনকে গুলি করে হত্যা করে ও ৭২টি বাড়িতে আগুন দেওয়া, ডেমরা ও বাউশগাড়ী গ্রামে ৪৫০ জন নারী পুরুষকে গুলি করে হত্যা, সাথিয়া উপজেলার করমচা গ্রামে মন্দিরের সামনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা, ধর্ষণ ও লুটপাটের ঘটনাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/জেকে/১২২৪ ঘ.