ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে রাজি রয়েছেন স্পিকার আবদুল হামিদ।
বিরোধী দলের প্রস্তাব সংসদে এসে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার। তবে একইসঙ্গে বলেছেন, সংসদ ভবনের মধ্যে অপ্রকাশ্য আলোচনাও হতে পারে।
“তবে সংসদের বাইরে যদি কেউ কথা বলে, সেখানে আমার আওতায় কিছু করার থাকে না,” বলেছেন আবদুল হামিদ।
আগামী নির্বাচন কার অধীনে হবে, তা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকার ও বিরোধী দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবারও বলেছেন, নির্বাচিত অর্থ্যাৎ তার সরকারের অধীনেই নির্বাচন হবে। অন্যদিকে বিরোধী দল বলে আসছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না।
এই বিপরীতমুখী অবস্থানের মধ্যে রাজনৈতিক দলগুলোর দূরত্ব দূর করতে সংলাপের কথা বলে আসছেন কূটনীতিকরা। বিএনপি এরই মধ্যে বলেছে, নির্দলীয় সরকারের দাবি মানা হলে তারা সংলাপে রাজি।
এর মধ্যে রোববার সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমও সংলাপের কথা তুললে স্পিকার মধ্যস্থতায় তার অমত নেই বলে জানান।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ফজলুল আজিম বলেন, “রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের মাধ্যমে এর সমাধান হতে হবে।”
“আপনার মাধ্যমে সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচন ব্যবস্থা আলোচনার মাধ্যমে বের করতে হবে,” স্পিকারের উদ্দেশে বলেন বিরোধী দলবিহীন অধিবেশনে একমাত্র বেসরকারি সদস্য।
জবাবে স্পিকার বলেন, “এখানে সরকারি দল আছে, স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আপনি আছেন, কিন্তু প্রধান বিরোধী দল আসেননি। এখানে তারা যদি উপস্থিত থাকতেন, এ ব্যাপারে আলোচনা করতেন, তাহলে সরকারকে অনুরোধ করতে পারতাম।”
হরতালের মামলায় বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য বর্তমানে কারাবন্দি। তাদের রেখে সংসদে আসবে না ঘোষণা রয়েছে বিরোধী দলের। তবে কারাবন্দি সংসদ সদস্যদের রোববার জামিন দিয়েছে হাই কোর্ট।
স্পিকার বলেন, “তাদের (বিরোধী দল) কী দাবি-দাওয়া, সংসদে এসে বলুক; এর পরিপ্রেক্ষিতে কী করণীয় আছে, সরকারি দলকে বলতে পারি, তাদের অনুরোধ করতে পারি দাবির বিষয়ে।”
আলোচনার মাধ্যমে সসমস্যা সমাধানের মত প্রকাশ করে তিনি বলেন, “আমিও চাই, সংসদে আলোচনা করে সমাধান হোক সব কিছুর। সংসদের বাইরে যদি কেউ কথা বলে, সেখানে আমার কিছু করার থাকে না।”
সংসদে এসে বিরোধী দল প্রস্তাব দিলে কী করবেন, তাও জানান আবদুল হামিদ।
আজিমের উদ্দেশে তিনি বলেন, “আপনি যে কথা বললেন, তার সঙ্গে বিরোধী দলের একাত্মতা আছে কি না, তাও আমি জানি না।
“পার্লামেন্টের মধ্যে যদি কোনো আলোচনা হয় তাহলে আমি কিছু করতে পারি। বিরোধী দল সংসদে এসে আলোচনা করলে তা রেডিও টেলিভিশনের মাধ্যমে জনগণ জানতে পারবে। তাছাড়া সংসদের ভেতরে অন্যত্র হলে কিছু গুরুত্বপূর্ণ প্রতিনিধি নিয়ে ক্যামেরার বাইরেও আলোচনা হতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২১৩৩ ঘ.
bdnews24