২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে এসি শহীদুল বরখাস্ত

এসি শহীদুল ইসলামকে প্রথমে প্রত্যাহার, এরপর বদলি করা হলেও সবশেষে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ‘নির্যাতনকারী’ ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলামকে প্রত্যাহারের পর বদলি করে আবার সেই সিদ্ধান্তও পরিবর্তন করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খোন্দকার রোববার সন্ধ্যার পর এই বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদুলকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আগারগাঁওয়ে শনিবার দুপুরে তিন সাংবাদিককে নির্যাতনের পরপরই ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার শহীদুলকে প্রত্যাহার করা হয়। তাকে সংযুক্ত করা হয় ঢাকা মহনগর পুলিশ সদর দপ্তরে। এর পর অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়ায় বদলি করা হয়েছে। এরপর সেই সিদ্ধান্তও পরিবর্তন হয়। কয়েক ঘণ্টা পরই অতিরিক্ত আইজি শহীদুল জানান, শহীদুল ইসলামকে বেতবুনিয়ায় বদলির আদেশ পরিবর্তন করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে। বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশের পরপরই শহীদুলকে বরখাস্তের সিদ্ধান্ত আসে। এদিকে শহীদুলসহ নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে রোববার দিনভর বিক্ষোভ করেছে সাংবাদিক সংগঠনগুলো। তারা দায়ী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছে। শনিবার দুপুরে আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় দায়িত্ব পালনকালে প্রথম আলোর তিন সাংবাদিককে মারধর করে পুলিশ সদস্যরা, যেখানে শহীদুলও ছিলেন। প্রাথমিক তদন্তের পর ওই দিনই শহীদুলকে প্রত্যাহারের পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয় নয় পুলিশ সদস্যকে। সাংবাদিকদের পেটানোর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরেশিকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বিকালে আহত তিন সাংবাদিক খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিমকে দেখতে ট্রমা সেন্টারে যান। ওই সময় উপস্থিত সাংবাদিকরা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরে সহযোগিতা করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তখন পুলিশ কমিশনার বলেন, “সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে। আর কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে।” ঘটনাটিতে দুঃখজনক মন্তব্য করে বেনজির বলেন, “এই ধরনের পুলিশ সদস্যদের বাহিনীতে রাখা যায় কি না, সে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/এমআই/১৯২৭ ঘ.