২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারা গ্রুপ এসেছে আবাসন শিল্প ধ্বংস করতে: মওদুদ

বাংলাদেশের আবাসন শিল্পে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী সাহারার প্রস্তাবিত বিনিয়োগের বিরোধিতা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আবাসন শিল্পে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী সাহারার প্রস্তাবিত বিনিয়োগের বিরোধিতা করেছে বিএনপি। সাহারা গ্র“প দেশের আবাসন শিল্পকে ধ্বংস করতে আসছে- মন্তব্য করে শনিবার এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, “এক সাহারাকে নিয়ে বাঁচি না, আরেক সাহারা এসেছে বাংলাদেশের আবাসন শিল্পকে ধ্বংস করার জন্য।” ভারতীয় কোম্পানিকে এধরনের সুযোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে মওদুদ বলেন, এদেশের আবাসন শিল্পের উদ্যোক্তাদের এ সুযোগ দেওয়া যেত। কিন্তু সরকার তা না করে নতুন প্রযুক্তি ও কারিগরি সহায়তার নামে দেশের আবাসন শিল্পকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। দেশীয় উদ্যোক্তারা এ ধরনের আবাসন প্রকল্পের জন্য প্রযুক্তিগত ও কারিগরিভাবে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, এ খাতে আমাদের বাইরের প্রযুক্তির দরকার নেই। সাহারা ইন্ডিয়া পরিবার বাংলাদেশে বিনিয়োগের জন্য বিভিন্ন প্রকল্পে প্রাথমিকভাবে সাহারা ১০ কোটি থেকে সাড়ে ১২ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। বিনিয়োগের জন্য ইতিমধ্যে ‘সাহারা মাতৃভূমি উন্নয়ন করপোরেশন’ নামে একটি কোম্পানি গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন্স মিলনায়তনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতার নামে করা মামলা প্রত্যাহার, তাদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ আলোচনা সভার আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের বিগত সাড়ে তিন বছরে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত অর্থ সাদা করার জন্যই এটা করা হয়েছে। সরকারের ঘনিষ্ঠজনদেরকে অনুমোদন দেওয়া নতুন ব্যাংকগুলোর পুঁজি সংগ্রহের জন্যই কালো টাকা সাদা করার বিধান বহাল রাখা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি প্রশ্ন করে বলেন, “প্রত্যেকটি ব্যাংকের জন্য ৪,০০ কোটি টাকার পুঁজি লাগবে, এত বৈধ টাকা কার আছে?” সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)’র প্রেসিডিয়াম সদস্য রেদোয়ান আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/জিএনএ/২০১৫ ঘ.