ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে ‘মাইনাস’ করায় হাসানুল হক ইনুর হুমকির জবাবে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, ‘ বেহুঁশ’ হয়েই জাসদ সভাপতির এই বক্তব্য।
নজরুল ইসলাম বলেন, “ইনু সাহেব এবার নৌকা মার্কায় জিতে এমন কিছু হননি যে তিনি খালেদা জিয়াকে মাইনাস করার ক্ষমতা রাখেন। দেশনেত্রীকে রাজনীতি করার শেষ সুযোগ দেওয়ার তিনি কে?
“ইনু সাহেবকে বলছি, আপনার নিজেরই মাইনাস হওয়া ছাড়া অন্য কিছু করার ক্ষমতা নেই।”
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাদের মুক্তি দাবিতে ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মানববন্ধনে এই কথা বলেন নজরুল ইসলাম।
এর একদিন আগে জাসদ সভাপতি ইনু বলেছিলেন, “এখন হবে মাইনাস ওয়ান, মাইনাস যুদ্ধাপরাধী, মাইনাস খালেদা জিয়া। আমরা শেষ সুযোগ দিচ্ছি, আপনি (খালেদা) যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “১৯৭২-৭৫ সালে ইনু সাহেবদের এই আওয়ামী লীগই মাইনাস করে দিয়েছিল। ওই সময় জাসদের ৩০ হাজার নেতা-কর্মীকে হত্যা-গুম করা হয়েছিল। এখন কি না, ইনু সাহেব মাইনাসের ভয় দেখান।”
“আমি জানি না, ইনু সাহেব মাইনাস ওয়ানের কথা যখন বলেছেন, তখন তার হুঁশ ছিল কি না। বিএনপি মাইনাস টু কিংবা মাইনাস ওয়ান কোনো ফর্মুলাতে বিশ্বাস করে না। ইনু সাহেবদেরও মাইনাস আমরা চাই না,” বলেন তিনি।
নজরুল বলেন, মহাজোট নেতারা গণবিচ্ছিন্ন হয়ে শিষ্টাচারবর্র্হিভূত কথা বলছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২৫ ঘ.
bdnews24