২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইন-ফখরুদ্দিনের বিচার কেন করছেন না: মওদুদ

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কথিত ‘মাইনাস টু থিওরি’র মূল ‘হোতা’ ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদের বিচার কেন করা হচ্ছে না- প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কথিত ‘মাইনাস টু থিওরি’র মূল ‘হোতা’ ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদের বিচার কেন করা হচ্ছে না- প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সাড়ে তিন বছর পর প্রধানমন্ত্রী আজ বলছেন, মাইনাস টু থিওরির ষড়যন্ত্রকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, তা-ই যদি হয়ে থাকে, তাহলে এর মূল হোতা মইনুদ্দিন-ফখরুদ্দিনের বিচার কেন করছেন না।” বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশের দুই প্রধান দলের নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করার পর ‘মাইনাস টু থিওরি’ আলোচনায় আসে। আওয়ামী লীগ ও বিএনপি ওই কথিত ‘থিওরি’র জন্য তখনকার সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সেনা প্রধান মইন উ আহমেদকে দায়ী করে বলে আসছে, দুই নেত্রীকে দেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। মইন ও ফখরুদ্দীন দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী না করায় সরকারের সমালোচনা করে মওদুদ বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য স্ববিরোধী। মুখে তার এক কথা, কাজে অন্য রকম।” হরতালের মামলায় গ্রেপ্তার বিরোধী দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানানোর পাশাপাশি ‘আদালতকে রাজনৈতিকভাবে প্রভাবিত’ না করারও আহবান জানান এই বিএনপি নেতা। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “সরকার বিচারালয়ে বিচারের পথ বন্ধ করে দিচ্ছে। সন্ত্রাসী, ধর্ষণকারী, খুনীরা জামিন পাচ্ছে। অথচ জামিনযোগ্য অপরাধের মামলায় জাতীয় নেতাদের জামিন দেওয়া হচ্ছে না। এ থেকে বোঝা যায়- সরকার আদালতকে প্রভাবিত করছে।” “তাদের (সরকার) বলব, আদালতকে রাজনৈতিকভাবে প্রভাবিত করবেন না। বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিন”, যোগ করেন তিনি। দেশের বর্তমান অবস্থাকে ‘অস্বাভাবিক’ হিসাবে উল্লেখ করে মওদুদ বলেন, “সরকারই এই অবস্থার জন্য দায়ী। তারা আজ আত্মউপলব্ধির শক্তি হারিয়ে ফেলেছে। বর্তমান গণতান্ত্রিক সরকার স্বৈরাচারে পরিণত হয়েছে।” সাবেক সেনা শাসক এইচ এম এরশাদের উপ রাষ্ট্রপতি মওদুদ বলেন, “আমি জানি, স্বৈরাচারে পরিণত হলে সরকার কীভাবে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করে। বর্তমান সরকারের অবস্থাও সে রকমই মনে হচ্ছে।” বিএনপিপন্থী সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ জাতীয় প্রেস ক্লাবে ‘গুম, হত্যা ও মামলার রাজনীতির শেষ কোথায়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মুহাম্মদ হানিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংসদ নিলোফার চৌধুরী মনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭০৫ ঘ.