২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ চায় জাসদ

“অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু এটা নিয়ে কেউ কথা বলছে না,” বলেছেন মহাজোট নেতা হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, তা ঠিক করতে সব দলের অংশগ্রহণে সংলাপ চায় জাসদ। তবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিএনপির দাবি নাকচ করে বিকল্প প্রস্তাব দিতে উপস্থাপনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন মহাজোট শরিক দলটি। বুধবার সংসদ ভবনে সংবাদ সম্মেলন করে জাসদের সংসদীয় কমিটি। এতে দলের সভাপতি হাসানুল হক ইনু ও কার্যকরি সভাপতি মইনউদ্দিন খান বাদল ছিলেন। বিরোধী দলের দাবিকে ‘অযৌক্তিক’ অভিহিত করে মহাজোট নেতা ইনু বলেন, ত্রুটিপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে না। বিকল্প ব্যবস্থা নিয়ে সর্বদলীয় আলোচনার পক্ষপাতি জাসদ। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, “বিকল্প নির্বাচনী ব্যবস্থা তৈরি করার আহ্বান জানাচ্ছি। এর রূপরেখা উপস্থাপন করুন। সে আলোচনায় অংশ নিতে আমরাও প্রস্তুত আছি।” দেশে তিনটি সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পর আদালত এক রায়ে এই ব্যবস্থা বাতিল করলে বর্তমান সরকার সংবিধান সংশোধন করে বিলোপ করে অন্তর্বর্তীকালীন এই সরকার ব্যবস্থা। এর ফলে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ২০১৩ সালে অনুষ্ঠেয় নির্বাচন কার অধীনে, কীভাবে হবে বলে জাসদ মনে করে- জানতে চাইলে ইনু বলেন, “আগামী নির্বাচন পদ্ধতি কী হবে তা নিয়ে সংলাপ, সংলাপ এবং সংলাপই হবে একমাত্র পথ।” তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়ে আদালতের নির্দেশনায় বিচার বিভাগকে সম্úৃক্ত না করার বিষয়টি বললেও তা নিয়ে কোনো পক্ষই আলোচনা তুলছে না। “অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা প্রয়োজন। কিন্তু এটা নিয়ে কেউ কথা বলছে না।” সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সক্ষমতা, প্রশাসনের কর্মপরিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ কী হবে, তা নিয়েও আলোচনা প্রয়োজন বলে মনে করে জাসদ। ‘ মহাজোটের ক্ষতির কারণ হবে’ চট্টগ্রামের সংসদ সদস্য বাদলের বিরুদ্ধে চট্টগ্রামের আওয়ামী লীগ সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসির ‘অপপ্রচারের’ প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন জাসদের সংসদীয় দল। বাদল বলেন, “নুরুল ইসলাম বিএসসি চান্দগাঁওয়ে সাদাইয়া বিলের জমি দখল করে হাউজিং ব্যবসা করছে। এ বিষয়ে স্থানীয় জনগণের পক্ষ নেওয়ায় তিনি একটি জাতীয় দৈনিকে আমার বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রচার করেছেন।” “আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, বিচার বিভাগীয় কিংবা সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হোক। দেখুন সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে দখল করা হয়েছে কিনা,” বলেন তিনি। আওয়ামী লীগ সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “ব্যবস্থা না নিলে জোটের ক্ষতি হবে।” ইনু জানান, “শরিক দলগুলোর ভেতরে বিরোধ হতেই পারে। এমন বিষয় হলে সেটি নুরুল ইসলাম সাহেব প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে পারতেন। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যেভাবে শুরু করেছেন; তাতে মনে হয়, এটি কোনো সৎ উদ্দেশ্যে করা হয়নি।” “তৃণমূল পর্যায়ে সরকারি দলের এ ধরনের আচরণে জোটের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর কাছেও তা উপস্থাপন করব- এদের সামলান,” যোগ করেন ইনু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৪১ ঘ.