২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী মোশারফের দণ্ড বহাল

অর্থ আত্মসাতের মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেনকে দেওয়া বিচারিক আদালতের দণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেনকে দেওয়া বিচারিক আদালতের দণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। বুধবার বিচারপতি মো. মিজানুর রহমানের একক বেঞ্চ এই রায় দেয়। বিচারিক আদালতের রায় বহাল হওয়ায় বিএনপির সাবেক এই সংসদ সদস্যকে তিন বছর কারাভোগ করতে হবে। এইচ এম এরশাদের শাসনকালে প্রতাপশালী সচিব মোশারফের বিরুদ্ধে এই মামলাটি হয় ১৯৯১ সালের ২৯ জানুয়ারি। ঢাকা জেলার দুর্নীতি দমন কর্মকর্তা এম এ মান্নান মতিঝিল থানায় এ মামলা করেন। পরের বছর ২ জুলাই ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ এই বিএনপি নেতাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ লাখ টাকা জরিমানার আদেশ দেয়। মোশারফ ওই বছরই হাই কোর্টে আপিল করলে আদালত তা গ্রহণ করে তাকে জামিন দেয়। এখনও তিনি মুক্ত রয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন কুমার বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিসিআইসির চেয়ারম্যান থাকাকালে মোশারফ শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসাবে নিয়োগ পান এবং দুই পদে কাজ করেন। “ওই সময়ে তিনি বিসিআইসির চেয়ারম্যান হিসাবে বেতনভাতা এবং বিদেশ ভ্রমণ বাবদ সর্বমোট ৫ লাখ ৬৪ হাজার ৪৪৯ টাকা নেন। পরে তিনি আর ওই টাকা সমন্বয় না করে আত্মসাৎ করেন। এই অভিযোগের মামলায় আদালত তাকে কারাদণ্ড ও জরিমানা করে।” আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল কামরুল হাসান খান আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোশারফের আপিল শুনানি শেষে হাই কোর্ট আজ তা খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন। একইসঙ্গে তাকে অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।” বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৫৩ ঘ.