২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বিশৃঙ্খলায়ও দ্রুতবিচার আইনে মামলা

মামলায় বিএনপি নেতা সানাউল্লাহ মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখসহ প্রায় একশ জনকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

লিটন হায়দার অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালতে বিশৃঙ্খলার মামলাটিও দ্রুতবিচার আইনে নথিভুক্ত করেছে পুলিশ, যাতে বিএনপি নেতা সানাউল্লাহ মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখসহ প্রায় একশ জনকে আসামি করা হয়েছে। মাহবুবউদ্দিন খোকনসহ বিরোধী দলের কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ দেখায়। ওই সময় ভাংচুরও হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক মকবুল হোসেন বাদি হয়ে ভাংচুর এবং বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা করেন। থানার উপ-পরিদর্শক চিত্তরঞ্জন রায় রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি দ্রুতবিচার আইনে নথিভুক্ত হয়েছে।” ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহসহ ২৯ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, অজ্ঞাতনামা ৭০ জনের বেশি ব্যক্তিকে আসামির তালিকায় রাখা হয়েছে। এর আগে বিকালে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, নাম উল্লেখ না করে ২০০ আইনজীবীকে আসামি করে একটি মামলা হয়েছে। হরতালে গাড়ি পোড়ানো এবং বিস্ফোরণের ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরও দ্রুত বিচার আইনের মামলায় আসামি করা হয়, যাতে তারা এখন কারাবন্দি। বিএনপির আইনজীবী নেতা খোকনসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভের এক পর্যায়ে মহানগর দায়রা জজ আদালতের জানালার কাচ ভাংচুর করেন। মহানগর হাকিম আদালতে বিচারকাজ চলাকালে এজলাসের ভেতরে কালো পতাকা ছুড়ে দেন তারা। ফোরামের সদস্যরা মিছিল করার সময় সরকারের মন্ত্রী ও আদালতের বিচারকদের নিয়েও কটূক্তি করেন। মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলের এক পর্যায়ে কয়েকজন আইনজীবী আদালতের দরজায় আঘাত করেন এবং জানালার কাচ ভাংচুর করেন। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল সারা দেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুতবিচার আইনে মামলা করে পুলিশ, যাতে খোকনকেও আসামি করা হয়। এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ নেতা কারাবন্দি হলেও হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন খোকন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিএনপির এই সংসদ সদস্য সোমবার ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহর আদালতে মেয়াদ বাড়ানোর আবেদন করেন। বিচারক ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান। এরপর বিএনপি সমর্থক আইনজীবীরা সোমবার বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার থেকে আদালত বর্জনের ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিবি/এমআই/০১৫৫ ঘ.