ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের একটি মামলায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে চার দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান মঙ্গলবার রিমান্ডের এই আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে খোকনের জামিনের আবেদন খারিজ করে দেন তিনি।
জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে গত ১৭ মে হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খোকনকে আটক করে পুলিশ। এরপর পল্টন থানার পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন উপ পরিদর্শক মোক্তার হোসেন।
প্রাথমিক শুনানি শেষে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ওইদিন আরো শুনানির জন্য ২২ মে দিন রাখেন এবং খোকনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানির জন্য খোকনকে মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তার পক্ষে শুননি করেন সানাউল্লাহ মিয়া, মো. বোরহান উদ্দীন ও মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খোন্দকার আবদুল মান্নান এবং মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।
আবদুল্লাহ আবু শুনানিতে বলেন, গত ১৯ এপ্রিল চার-পাঁচ হাজার বিএনপি কর্মী কোনো অনুমোদন ছাড়াই পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল করার চেষ্টা করে। তারা বিনা উস্কানিতে জনমনে ত্রাস সৃষ্টি করে গাড়ি ভাংচুর চালায়। পুলিশের কাজে বাধা দিয়ে তাদের ওপর আক্রমণ করে এবং তাদের হত্যার চেষ্টা চালায়। ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে করে পুলিশের ২০/ ২৫ জন সদস্য মারাত্মক আহত হন। আর এর নির্দেশদাতা ছিলেন খায়রুল কবির খোকন।
পাবলিক প্রসিকিউটর আবদুল মান্নান বলেন, ওই ঘটনায় কারা জড়িত ছিল তা জানার জন্য খোকনকে রিমান্ডে (হেফাজতে) নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
এর বিরোধিতা করে আসামি পক্ষে সানাউল্লাহ মিয়া বলেন, খোকন একজন সাবেক সাংসদ। যে দিনের ঘটনা নিয়ে এই মামলা- সেদিন তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিতই ছিলেন না। একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে তিনি সেদিন নরসিংদীতে ছিলেন।
“তাছাড়া এ মামলার এজাহারেও খায়রুল কবির খোকেনের নাম নেই। এজাহারভুক্ত ২০ আসামির সবাই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। সেই জামিনের শর্তে তাকেও (খোকন) জামিন দেওয়া হোক”, বলেন আসামির আইনজীবী।
প্রায় এক ঘণ্টা উভয় পক্ষের বক্তব্য শুনে খোকনের জামিনের আবেদন নাকচ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিএনপির সাংসদ মাবুব উদ্দিন খোকন ওই মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে খোকন সোমবার ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারক তা খারিজ করে তাকে কারাগারে পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪২০ ঘ.
bdnews24