নোয়াখালী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন নাশকতার আশঙ্কায় ৫৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলেও তেমন কোনো উত্তেজনা ছাড়াই নোয়াখালীতে পালিত হয়েছে জেলা বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল।
গাড়ি পোড়ানোর একটি মামলায় সোমবার বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ হরতালের ঘোষণা দেয় স্থানীয় বিএনপি। নোয়াখালীর সোনাইমুড়ী-চাটখিলের সংসদ সদস্য খোকন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব।
খালেদা জিয়াসহ বিএনপির বিভিন্ন নেতার উচ্চ আদালতের আইনজীবীর দায়িত্বও পালন করছেন তিনি।
হরতালের কারণে মঙ্গলবার সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।
বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। তবে সেখানে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। এর আগে সোনাইমুড়ি-চাটখিলে পিকেটাররা টায়ার জ্বালিয়ে বিভিন্ন সড়কে অবোরোধ সৃষ্টি করে। দু’এক জায়গায় খোকনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলও হয়েছে।
দুপুরে খোকনের নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা সোনাইমুড়ি-চাটখিলের কড়িহাটি বাজার থেকে মামুন খান নামে এক যুবককে একটি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করে পুলিশ। অবশ্য মামুন নিজেকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্রলীগকর্মী বলে পরিচয় দিয়েছে। পরে তাকে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
একই সময় কড়িহাটি ও নোয়াখালী সড়কে পিকেটিংয়ের সময় ছাত্রদলের ফয়সাল ও যুবদলের জাবেদ নামে দুই কর্মীকে আটক করে পুলিশ।
এদিকে হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে জেলা ও উপজেলা শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। হরতালের আগের রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করে পুলিশ।
অবশ্য বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহান অভিযোগ করেছেন, হরতাল কর্মসূচি বানচাল করতেই পুলিশ নেতাকর্মী ও সমর্থকদের আটক করেছে।
স্থগিত পরীক্ষা আগামী শনিবার
হরতালের কারণে সোমবার কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত করা এইচএসসি পরীক্ষা আগামী শনিবার নেওয়া হবে বলে জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/আরএ/এএল/১৮৫৮ ঘ.
bdnews24