২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই সরকার সামরিক স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে: নজরুল

সরকারের কথিত দমন-পীড়নের কঠোর সমালোচনা করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধ দলকে দাবিয়ে রাখা যাবে না। আন্দোলন বন্ধ হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কথিত দমন-পীড়নের কঠোর সমালোচনা করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধ দলকে দাবিয়ে রাখা যাবে না। আন্দোলন বন্ধ হবে না। তিনি ‘নির্যাতনের পথ’ ছেড়ে জনগণের দাবি পূরণে সরকারের প্রতি আহ্বানও জানান। সোমবার বিকালে ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই তারা বিরোধী দলের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে। সামরিক স্বৈরাচাররা যা করতে পারেনি, বর্তমান আওয়ামী লীগ সরকার সিভিল স্বৈরাচার হয়ে তার চেয়ে বেশি করছে।’’ সরকারের এহেন ‘অপকর্মের’ বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবানও জানান তিনি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আটক নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে দলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল আটক নেতাদের মুক্তির দাবিতে আগামী ২৪ মে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও থানায় থানায় এবং ২৬ মে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে নজরুল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে জনমত সৃষ্টির তাগিদ দিয়ে বলেন, এই ‘গণদাবি’ পূরণ না করতে পারলে এক ইলিয়াস আলীর মতো আরও অসংখ্য ইলিয়াস আলী গুম হয়ে যাবে। কারণ এই সরকার সামরিক স্বৈরাচারের চেয়েও খারাপ স্বৈরাচার। ত্ইা দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে এদের পতন ঘটাতে হবে। সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, সাড়ে তিন বছরে তারা জনগণের কোনো সমস্যারই সমাধান দিতে পারেনি। এজন্য দেশের মানুষ আজ পরিবর্তন চায়। খালেদা জিয়ার নেতৃত্বে এই পরিবর্তনের মিছিলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চলমান এই আন্দোলনে ছাত্রদলকে সামনের কাতারে থাকার আহবান জানান নজরুল। সংগঠনের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল,আনোয়ারুল হক রয়েল প্রমুখবক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩২ ঘ.