ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নেতাদের ‘দুঃসহ যন্ত্রণা’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
সোমবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, “কাশিমপুর কারাগারে জোট নেতারা দুঃসহ মানবতের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। ছাত্রদল সভাপতি টুকুকে একা কনডেম সেলে রাখা হয়েছে।”
কাশিমপুর কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টাও বিদ্যুৎ থাকে না বলে জানান তিনি।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে আগুন দেওয়া ও সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুই ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা করে পুলিশ।
এর মধ্যে গাড়ি পোড়ানোর মামলায় গত ১৭ মে জামিনের আবেদন নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠায় আদালত।
সাবেক মন্ত্রী তরিকুল সরকারের দমন-নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, “বিরোধী দলকে দুর্বল করতেই সরকার আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করেছে। তাদের পায়ের নিচে মাটি নেই। সেজন্য তারা বিরোধী দলের ওপর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।”
তিনি অবিলম্বে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি দাবি করেন।
একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে পাবনা এডওয়ার্ড কলেজে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক ফজলুর রহমান ও বেড়া প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের ওপর ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার নিন্দা জানান তরিকুল।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯০৯ ঘ.
bdnews24