ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলার আসামি বিএনপি নেতাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তাদের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আলাদত থেকে হাই কোর্টে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, “আইন অনুসারে অপরাধ আমলে নেওয়ার সময় আসামীদের আদালতে হাজির করার নিয়ম। কিন্তু বিচারক মনে করলেন, হাজির করার প্রয়োজন নেই। তিনি তাদের অনুপস্থিতিতেই অভিযোগ আমলে নিলেন।”
“এর মাধ্যমে বিএনপি নেতাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই। আমি মনে করি, এটা আইনসম্মত হয়নি”, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ।
হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র সোমবার গ্রহণ করেন মহানগর দ্রুত বিচার হাকিমের আদালত।
আসামিদের আইনজীবীরা তাদের মক্কেলদের উপস্থিতিতে এই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির আবেদন করলে হাকিম এরফান উল্লাহ তা খারিজ করে দেন। এই মামলায় জামিন পাওয়া একমাত্র আসামি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের জামিন বৃদ্ধির আবেদন খারিজ করে তাকেও কারাগারে পাঠাতে বলেন তিনি।
মওদুদ সাংবাদিকদের বলেন, “খোকনের বিষয়ে আমি ৫টি যুক্তি তুলে ধরেছিলাম। আদালত জামিন দেয়নি। অযৌক্তিকভাবে তার জামিন আবেদন খারিজ করা হয়েছে। কেন জামিন আবেদন খারিজ করা হলো আদালত সেটাও আদেশে উল্লেখ করেন নাই।”
খোকনের আইনজীবীর দাবি, যেহেতু তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন, সেহেতু জামিনের অপব্যবহার না করলে তা বহাল থাকবে। কিন্তু বিচারিক আদালতের হাকিম তা অনুসরণ করেননি।
খোকনকে জামিন না দেওয়ার প্রতিবাদে এর আগে হাই কোর্ট প্রাঙ্গণে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরী, রুহুল কুদ্দুস কাজল এতে অংশ নেন।
বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার দেশের সব বারে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালনের ঘোষণা দেন রফিকুল ইসলাম মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮১৯ ঘ.
bdnews24