ঢাকা/নোয়াখালী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদের তার জেলা নোয়াখালীতে হরতাল ডেকেছে জেলা বিএনপি।
হরতালের মামলায় সোমবার খোকনকে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত। এর পরপরই হরতালের কর্মসূচি দেয় নোয়াখালী বিএনপি।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান হরতাল আহ্বানের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, “কাল (মঙ্গলবার) সকাল-সন্ধ্যা জেলায় হরতাল পালন করা হবে।”
নোয়াখালীর সোনাইমুড়ী-চাটখিলের সংসদ সদস্য খোকন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। খালেদা জিয়াসহ বিএনপির বিভিন্ন নেতার উচ্চ আদালতের আইনজীবীর দায়িত্বও পালন করছেন ব্যারিস্টার খোকন।
খোকনকে কারাগারে পাঠানোর পরপরই তার নির্বাচনী এলাকা সোনাইমুড়ি-চাটখিলে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়।
খোকনের মুক্তি দাবিতে বিকালে জেলা শহর মাইজদীতে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল সারা দেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।
এরপর ২৯ এপ্রিল রাতে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করে তেজগাঁও থানা পুলিশ, যার আসামির মধ্যে খোকনের নামও রয়েছে।
এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ নেতারা কারাবন্দি হলেও হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন খোকন।
ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিএনপির সংসদ সদস্য সোমবার ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহর আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। বিচারক ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠাতে বলেন।
পুলিশ গত ১০ মে এই মামলায় অভিযোগপত্র দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে গত ১৬ মে কারাগারে পাঠায় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24