ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল মন্ত্রণালয়ের দায়িত্ব ফিরে পেতে সুরঞ্জিত সেনগুপ্তের ইচ্ছা প্রকাশের চার দিনের মাথায় ওবায়দুল কাদের বলেছেন, সাময়িক সময়ের জন্যই তিনি রেলের দায়িত্ব পালন করছেন।
এক প্রশ্নের জবাবে রোরবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রেলের দায়িত্ব সাময়িক, যেকোনো সময় এ দায়িত্ব অন্য কাউকে দেওয়া হতে পারে। মন্ত্রিত্ব দেওয়ার এখতিয়ার সরকারের, প্রধানমন্ত্রী যদি সুরঞ্জিত সেনগুপ্তকে আবার এ দায়িত্ব দেন তাতে আমার আপত্তি থাকবে কেন?”
অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেল মন্ত্রীর দায়িত্ব পালন করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় ১৬ এপ্রিল রেল মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণার এক মাস পর গত ১৬ মে সংবাদ সম্মেলনে রেলের দায়িত্ব ফিরে পাওয়ারও ইচ্ছা প্রকাশ করেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবির ফটকে সুরঞ্জিতের এপিএস ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। ঘটনার পর রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেলের ঢাকা অঞ্চলের কমান্ডেন্ট এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদার।
এরপর ১৬ এপ্রিল রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ১৯৯৬ সালের কার্যপ্রণালী বিধির ৩(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সুরঞ্জিতকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।
অবশ্য অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রধান রেলের মহাপরিচালক আবু তাহের এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ঘটনার সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের কোন সংশ্লি¬ষ্টতা পাওয়া যায়নি।
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও ঢাকার কমান্ডেন্ট এনামুল হকও জড়িত নন বলেও জানান আবু তাহের।
রেলের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে কবে নাগাদ প্রকাশ করা হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “তদন্ত প্রতিবেদনে কী রয়েছে তা রেলের মহাপরিচালক গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন। এরপরও অবশ্যই দুই এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।”
তদন্ত প্রতিবেদন বিষয়ে কোন কিছু গোপন করা হবে না বলে জানান যোগাযোগ মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯১৬ ঘ.
bdnews24