২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় চট্টগ্রামের ১১৬ নেতা-কর্মীর জামিন

পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের দুটি মামলায় চট্টগ্রামের ১১৬ জন বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের দুটি মামলায় চট্টগ্রামের ১১৬ জন বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে হাই কোর্ট। সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করলে রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের বেঞ্চ তাদের এক মাসের আগাম জামিন দিয়ে আবেদন নিষ্পত্তি করে দেয়। জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন-মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার সাকিলা ফারজানা এবং সরকার পক্ষে ছিলেন খোন্দকার দিলীরুজ্জামান। গত ১৩ মে চট্টগ্রামে ১৮ দলীয় জোটের সমাবেশকালে জামায়াত-বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ শতাধিক আহত হন। পুড়িয়ে দেওয়া হয় তিনটি প্রাইভেট কার। ভাংচুর করা হয় ২০টিরও বেশি গাড়ি, গ্রেপ্তার করা হয় ২৯ জনকে। এ ঘটনায় নগরীর দুটি থানায় মোট ছয়টি মামলা হয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬০১ ঘ.