২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দলের গণঅনশন শুরু

গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 04:39 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ (আবুল বাশার মিলনায়ন) প্রাঙ্গনে গণঅনশন শুরু করেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। রোববার সকাল সোয়া ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হওয়ার পর বিএনপি নেতারা জানিয়েছেন, ১১ টার মধ্যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গণঅনশনে যোগ দেবেন। গণঅনশনের মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, আবদুল হালিম, ১৮ দলীয় জোটের শরিক খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মূর্তজা, ডিএল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ নেতারা বসেছেন। অনশন কর্মসূচি পরিচালনা করছেন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ও মহানগর সদস্য সচিব আবদুস সালাম। বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এই কর্মসূচি পালন করছে বিরোধী জোট। ঢাকা ছাড়া সারাদেশে জেলা ও উপজেলায়ও সকাল ১০টায় গণঅনশন করবে স্থানীয় বিএনপিসহ ১৮ দলীয় জোট। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শান্তিপূর্ণ গণঅনশনের মাধ্যমে সরকারের দমন-নির্যাতনের প্রতিবাদ জানাব।” এদিকে গণঅনশন উপলক্ষে নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসেছেন। কর্মসূচি উপলক্ষে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ১৮ নেতাকে বুধবার কারাগারে পাঠানো হলে পরদিন হরতালের ডাক দেয় বিরোধী দল। এই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের পর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এই গণঅনশন কর্মসূচিসহ তিন দিনের কর্মসূচি চুড়ান্ত হয়। অপর দুইটি কর্মসূচি হচ্ছে আগামী ২৩ মে কৃষি উপকরন ও ডিজেলের দাম বাড়া এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার প্রতিবাদে জেলা ও উপজেলায় যথাক্রমে ডিসি ও টিএনও এর কাছে স্মারকলিপি পেশ এবং ২৭ মে সরকারের ব্যর্থতা ও দুর্নীতি বিস্তারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ। গণঅনশনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ, মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ ও রমনায় উন্মুক্ত স্থানের জন্য আবেদন করে বিএনপি। এর মধ্যে মহানগর নাট্যমঞ্চের অনুমতি মেলে। এর আগে গত বছরের ১৩ জুলাই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলীয় চেয়ারপারসন খালেদার নেতৃত্বে বিএনপি গণঅনশন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১০৩৩ ঘ.