ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ (আবুল বাশার মিলনায়ন) প্রাঙ্গনে গণঅনশনে বসছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই অনশনে যোগ দিচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও।
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এই কর্মসূচি পালন করছে বিরোধী জোট।
ঢাকা ছাড়া সারাদেশে জেলা ও উপজেলায়ও সকাল ১০টায় গণঅনশন করবে স্থানীয় বিএনপিসহ ১৮ দলীয় জোট।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। মঞ্চ নির্মাণসহ অন্যান্য কাজ শেষ করতে সারা রাত কাজ করতে হয়েছে। একেবারে শেষ সময়ে আমাদেরকে এই স্থানে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে।”
“আমরা শান্তিপূর্ণ গণঅনশনের মাধ্যমে সরকারের দমন-নির্যাতনের প্রতিবাদ জানাব”, যোগ করেন তিনি।
মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গনে গণঅনশনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে বসে কর্মসূচি পালন করবেন খালেদা জিয়াসহ নেতৃবৃন্দ। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এই গণঅনশন চলবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
এদিকে গণঅনশন উপলক্ষে নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন। কর্মসূচি উপলক্ষে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ১৮ নেতাকে বুধবার কারাগারে পাঠানো হলে পরদিন হরতালের ডাক দেয় বিরোধী দল।
এই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের পর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এই গণঅনশন কর্মসূচিসহ তিন দিনের কর্মসূচি চুড়ান্ত হয়।
অপর দুইটি কর্মসূচি হচ্ছে আগামী ২৩ মে কৃষি উপকরন ও ডিজেলের দাম বাড়া এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার প্রতিবাদে জেলা ও উপজেলায় যথাক্রমে ডিসি ও টিএনও এর কাছে স্মারকলিপি পেশ এবং ২৭ মে সরকারের ব্যর্থতা ও দুর্নীতি বিস্তারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ।
গণঅনশনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ, মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ ও রমনায় উন্মুক্ত স্থানের জন্য আবেদন করে বিএনপি। এর মধ্যে মহানগর নাট্যমঞ্চের অনুমতি মেলে।
এর আগে গত বছরের ১৩ জুলাই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলীয় চেয়ারপারসন খালেদার নেতৃত্বে বিএনপি গণঅনশন করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/০৯৪৬ ঘ.
bdnews24