চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গত রোববার পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত যুবদল নেতা হুমায়ুন কবীর মারা গেছেন।
শনিবার সন্ধ্যায় নগরীর কাতালগঞ্জে সার্জিস্কোপ নামে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
হুমায়ুন (৩৫) শুলকবহর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন। তিনি পাঁচলাইশের মির্জারপুল এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে সার্জিস্কোপ ক্লিনিকে হুমায়ুন মারা গেছে। গত ১৩ মে সংঘর্ষে আহত হওয়ার পর থেকে ক্লিনিকে ভর্তি ছিল।
হুমায়ুন পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন বলে তিনি।
সার্জিস্কোপ ক্লিনিকের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ুনের মাথায় ভারী কিছুর আঘাত হয়েছিল।”
গত ১৩ মে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ শতাধিক আহত হন। পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি যানবাহন।
এই ঘটনায় নগরীর দুটি থানায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের আসামি করে মোট ছয়টি মামলা হয়েছে।
যুবদল নেতা হুমায়ুনের মৃত্যুর পুলিশের লাঠির আঘাতেই হয়েছে দাবি করে এক বিবৃতিতে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
আলাদা বিবৃতিতে আমীর খসরু বলেন, “হুমায়ুন রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৪৫ ঘ.
bdnews24