২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ করবেন না: নজরুল

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে দেশে গণতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ না করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে দেশে গণতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ না করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। শনিবার বিকালে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই আহবান জানান। প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সরকার মনে করেছে, জাতীয় নেতাদের গ্রেপ্তার করে বিরোধী দলের আন্দোলন দমন করবে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। তাই সরকারকে বলব, দেশে গণতন্ত্রকে সঠিক পথে চলতে দিন।’’ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপুসহ নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু সোমবার থানায় থানায় এবং মঙ্গলবার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। নজরুল ইসলাম খান সরকারের কথিত দমননীতির কঠোর সমালোচনা করে বলেন, “সাড়ে তিন বছরে সরকার বিরোধী দলের ওপর নির্যাতন ছাড়া জনগণের কোনো সমস্যারই সমাধান দিতে পারেনি। বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকট, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কোনো কিছুরই সুরাহা তারা করতে পারেনি। মানুষের কর্মসংস্থানও কমে গেছে।এজন্য দেশের মানুষ এখন পরিবর্তন চায়।’’ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ অন্য নেতাদের কারাগারে পাঠানোরও সমালোচনা করেন তিনি। “এত নেতাকে একসঙ্গে গ্রেপ্তার নজিরবিহীন ঘটনা। এভাবে গ্রেপ্তার করে গণদাবি থেকে বিএনপিকে রুখতে পারবে না কেউ। অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নিখোঁজ ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।” রোববারের গণঅনশনে মহানগরের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহবানও জানান নজরুল। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক ছাত্র নেতা আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৮ ঘ.