ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ‘অদৃশ্য তৃতীয় শক্তি’ দেশকে পেছনে ঠেলে দিতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন মহাজোট সরকারের টেকনোক্রেট মন্ত্রী ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া।
দেশে আজ ‘তৃতীয় শক্তির’ উত্থান অপরিহার্য হয়ে পড়েছে- মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বললেন শিল্পমন্ত্রী।
শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিলীপ বড়ুয়া বলেছেন, “একটি অদৃশ্য তৃতীয় অপশক্তি গণতন্ত্র হরণের মাধ্যমে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার মারাÍক ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির ওপর ভর করে দেশে একের পর এক নৈরাজ্যকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
“ক্ষমতার লোভে বিএনপি এ ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। এর ফলাফল কোনোভাবেই জাতির জন্য কল্যাণকর হবে না।”
বাম রাজনীতিবিদ বাবুল বিশ্বাসসহ অন্যান্য নেতাদের বাংলাদেশের সাম্যবাদী দলে (এম.এল) যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ধীরেন সিংহ, আবু হামেদ সাহাবুদ্দিন, লুৎফর রহমান, প্রদ্যুৎ কুমার ফনি, বীরেন সাহা, হারুন চৌধুরী, যুব নেতা ম. মোশাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ ও বিপক্ষ-এ দুটি ধারায় বিভক্ত । বর্তমান প্রেক্ষাপটে এর মাঝামাঝি বাম বিকল্প ধারা গড়ে তোলার কোনো পরিবেশ নেই।
তিনি সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলায় সব প্রগতিশীল বাম গণতান্ত্রিক শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
“মেধাবী ও সম্পদশালীরাই বর্তমানে বিশ্বব্যাপী রাজনীতি নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি জামায়াতে ইসলামীর হাতে এ দুটি শক্তিই রয়েছে। বিএনপির ওপর ভর করে জামায়াত বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর”, যোগ করেন দিলীপ বড়ুয়া।
সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির উত্থান রোধে অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তির ঐক্য জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮৫১ ঘ.
bdnews24