২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার গণঅনশন মহানগর নাট্যমঞ্চে

রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে গণঅনশন করবে ১৮ দলীয় জোট, যাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে গণঅনশন করবে ১৮ দলীয় জোট, যাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও অংশ নেবেন। শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে গণঅনশনের স্থানের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধী দলকে মহানগর নাট্যমঞ্চে (আবুল বাশার মিলনায়তন) কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে। নজরুল বলেন, “আমরা শান্তিপূর্ণ গণঅনশনের মাধ্যমে সরকারের দমন-নির্যাতনের প্রতিবাদ জানাব। এই অনশনে দেশনেত্রী খালেদা জিয়া আমাদের সঙ্গে থাকবেন।” সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই গণঅনশন চলবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। এর আগে গত বছরের ১৩ জুলাই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলীয় চেয়ারপারসন খালেদার নেতৃত্বে বিএনপি সর্বশেষ গণঅনশন করে। শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে দিনব্যাপী হরতালের পর বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে গণঅনশন কর্মসূচি চূড়ান্ত হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছে। গণঅনশনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ, মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ ও রমনায় উন্মুক্ত স্থানের জন্য আবেদন করে বিএনপি। এর মধ্যে মহানগর নাট্যমঞ্চের অনুমতি মেলে। হরতালের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ১৮ নেতাকে বুধবার কারাগারে পাঠানো হলে পরদিন হরতালের ডাক দেয় বিরোধী দল। আগের হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/১৮৩৪ ঘ.