২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন প্রতিমন্ত্রী ‘উল্টো’ কাজ করছেন: ফারুক

“তার কাজ আইনের শাসন নিশ্চিত করা, কিন্তু তিনি আইনকে প্রভাবিত করছেন,” অভিযোগ বিএনপি নেতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আদালতকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল না হলে তার খেসারত সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নোয়াখালীর সংসদ সদস্য ফারুক শনিবার বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি নেতা বলেন, আইন প্রতিমন্ত্রী আইনের শাসনকে ‘প্রভাবিত’ করছেন। “তার (আইন প্রতিমন্ত্রী) কাজ আইনের শাসন নিশ্চিত করা। তিনি তা না করে আইনকে প্রভাবিত করছেন।” হরতালের মামলায় বিরোধী দলের শীর্ষ পর্যায়ের ৩০ নেতাকে আদালতের আদেশে কারাগারে পাঠানোর পর বিএনপির এর প্রতিবাদ জানিয়ে আসছে। সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রত্যাখ্যান করে আইন প্রতিমন্ত্রী বলেন, আইন তার ‘নিজস্ব গতিতে’ চলছে। নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার ব্যবস্থা নিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, “দাবি মেনে না নিলে আপনাদের পরিণতি স্বৈরাচার এরশাদ সরকারের চেয়েও খারাপ হবে।” নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, “আপনারা (সরকার) যদি ভেবে থাকেন যে মামলা করে, নেতাদের জেলে রেখে বিএনপির মনোবল ভেঙে দেবেন, তাহলে তা ভুল ভাবছেন।” কারাবন্দি নেতাদের মুক্তি দাবিতে আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির প্রচার সম্পাদক ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৫৫৫ ঘ.