২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তৃতীয় শক্তির’ উত্থান অপরিহার্য: ফিরোজ রশীদ

দেশে আজ ‘তৃতীয় শক্তির’ উত্থান অপরিহার্য হয়ে পড়েছে বলে মনে করেন জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আজ ‘তৃতীয় শক্তির’ উত্থান অপরিহার্য হয়ে পড়েছে বলে মনে করেন জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ। মহাজোট শরিক দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরো বলেন, “প্রধান দুই রাজনৈতিক দলের হিংস্র প্রতিযোগিতায় গণতন্ত্র আজ ক্ষতবিক্ষত। এ দুই দল কখনো তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান হতে দেয়নি। এই তৃতীয় শক্তির উত্থান হলেই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব।” শুক্রবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর জাপার যৌথ সভায় জাতীয় পার্টি মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ফিরোজ রশীদ এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দুটি বড় দল গণতন্ত্রের নামে নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। দেশে গণতন্ত্র নিয়ে আজ ‘কানামাছি খেলা’ হচ্ছে। ফিরোজ রশীদ অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে যখন বিরোধী দলের প্রতি দমন নিপীড়ন, দুর্নীতির উৎসবে মেতে ওঠে, আওয়ামী লীগ তখন প্রতিজ্ঞা করে যে ক্ষমতায় গিয়ে তারা এর প্রতিশোধ নেবে। ঠিক একইভাবে বিএনপিও পাল্টা প্রতিশোধের অঙ্গীকার করে। সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নগর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০৪২ ঘ.