মধ্যরাতে ইলিয়াস আলীর বাসায় পুলিশ
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাসার ফটকে বৃহস্পতিবার মধ্যরাতে কড়া নেড়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সদস্যরা বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালাতে চেয়েছিল বলে ইলিয়াস আলীর পরিবার দাবি করলেও পুলিশ তা অস্বীকার করেছে।
ইলিয়াস আলীর বন্ধু রফিকুল ইসলাম হিলালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক বাসার গেট খুলতে বলে এবং অনবরত কলিং বেল টিপতে থাকেন। তারা বাসায় কারা রয়েছে জানতে চায়।
তিনি বলেন, “বাসার নিরাপত্তাকর্মী রহমান এ সময় বাসায় আসার কারণ জানতে চাইলে তারা জানায়, হরতালে পিকেটিং করে এ বাসায় পিকেটাররা আশ্রয় নিয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে।”
“ওই সময় ভাবীর (ইলিয়াসের স্ত্রীর) গাড়িচালক তাজু ডিবি পুলিশকে বলেন, সাংবাদিকরা এলে গেট খুলে দেওয়া হবে। এর পর তারা চলে যায়”, যোগ করেন তিনি।
হিলালি বলেন, “ডিবি পরিচয় দেওয়া লোকদের হাতে ওয়ারলেস ও পিস্তল ছিল তারা একটু পর পর ‘স্যার’ বলে ফোনে যোগাযোগ করছিলেন।”
বনানি থানার ওসি মামুনুর রশিদ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশের চার নম্বর দল ন্যাম ভবনে একটি অভিযানের অংশ হিসেবে সিলেট ভবনের (ইলিয়াসের বাসার) নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন।
গোয়েন্দা দলের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন উল্লেখ করে বলেন, “এতেই ইলিয়াস আলী স্ত্রী ভেবেছিলেন তারা বাসায় তল্লাশি করতে গিয়েছে।”
“আসলে অভিযোগটি ঠিক নয়। কোথাও অভিযানে গেলে পুলিশ আশেপাশের বাসার দারোয়ানকে যা জিজ্ঞাসা করা হয়। এখানেও তাই হয়েছে”, ব্যাখ্যা দেন তিনি।
গত মাসের ১৭ তারিখে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার বনানি এলাকা থেকে নিখোঁজ হন। এর প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গসংঠন পাঁচদিন হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
