২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনে কালো টাকা গণতন্ত্রকে পঙ্গু করবে’

নির্বাচনে ‘কালো টাকার প্রভাব’ বন্ধ করতে না পারলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে হুঁশিয়ার করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ‘কালো টাকার প্রভাব’ বন্ধ করতে না পারলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে হুঁশিয়ার করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে পাক্ষিক তথ্যপত্রের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত করতে না পারলে গণতন্ত্র খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে।” নির্বাচনকে নিরপেক্ষ এবং অর্থবহ করতে ভোটের অন্তত ছয় মাস আগে থেকেই সরকার, বিরোধীদল ও নির্বাচন কমিশনের আলোচনায় বসা উচিৎ বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ায়ামী লীগের এই নেতা। তিনি অভিযোগ করেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের রাজনৈতিক পরিবেশকে ‘অস্থীতিশীল’ করে ‘বিদেশিদের নাক গলানোর’ সুযোগ করে দিচ্ছে। “বিরোধীদল নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে। বিদেশিরা এ দেশের ভেতরের বিষয়ে নাক গলালে পরিস্থিতি ওয়ান ইলেভেনের চেয়েও ভয়াবহ হবে।” তত্ত্বাবধায়ক নয়, আগামী নির্বাচন নির্বাচিত সরকারের অধিনেই হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবির প্রতি সমর্থন জানিয়ে কাদের বলেন, “আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি। সাংবাদিকরা যে কষ্ট করেন, তাতে তাদের বেতন-ভাতা বৃদ্ধি পাওয়া উচিৎ। প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন, তখন দাবি অবশ্যই পূরণ হবে।” একইসঙ্গে সাংবাবদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরও আহ্বান জানান তিনি। অন্যদের মধ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউল রশিদ খান, পাক্ষিক তথ্যপত্রের সম্পাদকীয় উপদেষ্টা এম আব্দুল হাই মিলন, সম্পাদক রফিকুল আনোয়ার, দৈনিক নোয়াখালী প্রতিদিনের উপদেষ্টা নাসির উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৯৫৫ ঘ.