২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের সঙ্গে ‘সম্পর্ক’ ছিন্নের আহ্বান খালেদাকে

মানবতা বিরোধী অপরাধীদের সঙ্গে সব ধরনের ‘সম্পর্ক’ ছিন্ন করে যুদ্ধাপরাধ বিচারের পক্ষে অবস্থান নিতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নারী জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতা বিরোধী অপরাধীদের সঙ্গে সব ধরনের ‘সম্পর্ক’ ছিন্ন করে যুদ্ধাপরাধ বিচারের পক্ষে অবস্থান নিতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নারী জোট। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জোট আয়োজিত এক ‘নারী সমাবেশ’ থেকে এ আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের বাড়ি অভিমুখে একটি কালো পতাকার মিছিল বের করেন। এর আগে সমাবেশে যোগ দিয়ে সংহতি জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে, তারা ৪০ বছরেও বদলায়নি, শোধরায়নি। বরং ষড়যন্ত্রের সুযোগ খুঁজেছে। বিএনপি সেই অপরাধীদের সুযোগ দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, সেই সুযোগে একাত্তরের যুদ্ধাপরাধীরা দেশের সংবিধান ও পতাকা বদলানোর চেষ্টা করেছে। তাই পতাকা বাঁচাতে ও গণতন্ত্র রক্ষায় সেইসব অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের সঙ্গে সব ধরনের ‘সম্পর্ক’ ছিন্ন করে যুদ্ধাপরাধ বিচারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে জাসদ নেতা আরো বলেন, “যতোদিন আপনি এই সম্পর্ক ছিন্ন করবেন না, ততোদিন এই কালোপতাকার মিছিল চলতেই থাকবে।” কালো পতাকা মিছিলের আগে এ সমাবেশের ঘোষণা পাঠ করেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা। এতে বলা হয়, “আমরা দেশের নারী সমাজ লক্ষ্য করছি যে, আপনি (খালেদা জিয়া) ও আপনার দল দীর্ঘদিন ধরে সব নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য নির্লজ্জভাবে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। “আপনি যদি অতিসত্ত্বর এই অপরাধীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন, তাহলে দেশের নারী সমাজ আপনার বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি অব্যাহত রাখবে ও ছি ছি বলে ধিক্কার জানাবে।” সমাবেশে স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, জাসদ সহ-সভাপতি শাহ জিকরুল আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০৩ ঘ.