ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বিএনপি বলেছে, রাজপথের আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
শুক্রবার সকালে এক চিকিৎসক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলকে কীভাবে সঠিক পথে আনা যায়, তা তিনি জানেন। আমরাও প্রধানমন্ত্রীকে বলতে চাই, নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করার কৌশলও বিরোধী দলের জানা আছে।”
মওদুদের দাবি, বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে ‘বিশ্ব জনমত’ সৃষ্টি হয়েছে।
“এই দাবিটি এখন কেবল বিএনপি কিংবা ১৮ দলীয় জোটের দাবি নয়, এটি জনগণের দাবিতে পরিণত হয়েছে। এই দাবিতে বিশ্ব জনমত সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ঢাকায় এসে বলে গেছেন, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে, যাতে সব দল অংশ নিতে পারে।”
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের রূপে আর দানব দেখতে চায় না। তত্ত্বাবধায়ক সরকার কিছুই দিতে পারেনি, দিয়েছে অপশাসন।”
“বিশ্বের অন্যান্য দেশে যেভাবে গণতন্ত্র চলছে, বাংলাদেশেও সেভাবে চলবে”, বলেন তিনি।
প্রধানমন্ত্রীর ওই মন্তব্যকে ‘স্বৈরাচারী মনোভাবের প্রকাশ’ আখ্যায়িত করে মওদুদ বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বর্তমান সরকারকে বাধ্য করা হবে।”
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতাদের মুক্তি, নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “সরকারের বদলে দেশে ব্যক্তি শাসন চলছে।... প্রতিটি সাংবিধানিক সংস্থা যেমন বাংলাদেশ কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নিজেদের ক্ষমতায় চলছে না। সরকারের রাজনীতির আধিপত্যের অধীনে তারা কাজ করছে।”
এই বিএনপি নেতার অভিযোগ, তার দলকে রাজনীতি থেকে দূরে রাখা এবং নির্বাচন করতে না দেওয়ার জন্যই শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে সরকার ‘এই কৌশলে’ বেশিদিন বিএনপি নেতাদের কারাগারে রাখতে পারবে না বলেও তার বিশ্বাস।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে মওদুদ বলেন, “হতাশ হওয়ার কিছু নেই। সরকার ভেবেছে, এতোগুলো নেতাকে জেলে রেখে আন্দোলন বন্ধ করে দেবে, তা কোনো দিন সফল হবে না।”
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ায় তাকে শুভেচ্ছা জানালেও মওদুদ বলেন, “আমি তার শুভ কামনা করছি। তবে তাকে বলতে চাই, একটি বিভাগীয় তদন্তে তিনি নিজেকে ‘ক্লিন’ বলে দাবি করলেও কোনো লাভ হবে না। কারণ ঘুষ কেলেঙ্কারির যে কলঙ্ক সুরঞ্জিতের গায়ে লেপন হয়েছে, তা কখনোই দেশের মানুষের মন থেকে মুছে যাবে না।”
ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, আবদুল আউয়াল ঠাকুর বক্তব্য রাখেন।
এদিকে কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী নাগরিক মঞ্চ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, সমমনা গণতান্ত্রিক সামাজিক সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র দল ফোরাম ও জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৫৪৭ ঘ.
bdnews24