চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালে বৃহস্পতিবার পিকেটিংয়ের সময় চট্টগ্রামে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর ঘাটফরহাদবেগ, কাজীর দেউরীসহ বিভিন্ন এলাকা থেকে পাঁচ পিকেটারকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে গত রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় নাসিমন ভবনের সামনে প্রাইভেটকারে আগুন দেওয়া বিএনপিকর্মী আবুল কাশেম খানও রয়েছেন বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা সদীপ বলেন, “ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়।”
এদিকে শীর্ষ নেতাদের কারাবন্দি করার প্রতিবাদে হরতাল বন্দরনগরীতে কোনো গোলযোগ ছাড়াই শেষ হয়েছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর কোথাও গাড়ি ভাংচুর বা আগুন দেওয়ার ঘটনা ঘটেনি, যা আগের হরতালগুলোতে দেখা যেত।
শীর্ষ নেতাদের অনুপস্থিতির কারণে নগর বিএনপির মধ্যম সারির নেতাকর্মীদের উপস্থিতি ছিল নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে, হরতালের তৎপরতাও ছিল ওই ভবনকেন্দ্রিক।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে একদল নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নেয়।
বিকালে সেখানে সমাবেশে মীর নাছির বলেন, “বিএনপি নেতাদের গ্রেপ্তার করায় আওয়ামী লীগকে কঠিন মাশুল দিতে হবে। এর ফলস্বরূপ পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের জামানতও বাজেয়াপ্ত হবে।”
ঢাকায় অবস্থান করা নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের অনুসারীদের হরতালের কর্মসূচিতে দেখা যায়নি।
সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।
আগের হরতালগুলোর তুলনায় এবার বন্দরনগরীর বিভিন্ন সড়কে ভারী যানবাহন চলাচল ছিল অনেক বেশি। দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন সড়কে সবধরণের যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক হয়ে যায়।
চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানামার কাজ স্বাভাবিক থাকলেও পণ্যবাহী ট্রাক চলাচল বিকালে স্বাভাবিক হয়। নগরীর স্কুল-কলেজগুলোতে ক্লাস পরীক্ষা হয়নি। অফিস আদালত খোলা থাকলেও কাজকর্ম হয়েছে সীমিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24