ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামী ২০ মে ঢাকায় গণঅনশন করবে ১৮ দলীয় জোট, এতে খালেদা জিয়াও অংশ নেবেন।
দিনব্যাপী হরতালের পর বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে নতুন কর্মসূচি ঠিক হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচির কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “গণঅনশনের জন্য রাজধানীতে তিনটি স্থানের অনুমতি চাওয়া হয়েছে। কোথাও না পেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালিত হবে।”
নজরুল বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিখোঁজ এম ইলিয়াস আলী, তার গাড়িচালক আনসার, শিবিরকর্মী মোকাদ্দেস ও অলিউরের সন্ধান দাবিতে এই গণঅনশন হবে।
গণঅনশনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ, মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ ও রমনায় উন্মুক্ত স্থানের জন্য আবেদন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি কৃষি উপকরণ ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২৩ মে স্মারকলিপি পেশ এবং সরকারের দুর্নীতি ও দলীয়করণে প্রতিবাদে সারাদেশে ২৭ মে বিক্ষোভ সমাবেশের পূর্বঘোষিত কর্মসূচি বহাল থাকছে।
তবে ২০ মে ১৮ দলের গণঅনশন কর্মসূচি থাকায় ১৯ মে বিরোধী সংসদ সদস্যদের প্রতীক অনশন কর্মসূচি হচ্ছে না বলে জানিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের পর নতুন কর্মসূচির সিদ্ধান্ত নিতে রাতে খালেদা জিয়া রাতে দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন।
হরতালের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ১৮ নেতাকে বুধবার কারাগারে পাঠানোর পর দিনব্যাপী হরতালের ডাক দেয় বিরোধী দল।
বড় ধরনের গোলযোগ ছাড়াই হরতাল শেষ হয়েছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয় পুরোটা সময়ই অবরুদ্ধ রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনকে।
নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবারের হরতালে সারাদেশে ২৭০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত হয়েছেন তিন শতাধিক।
খালেদার সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, এম মোরেশদ খান, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, শমসের মবিন চৌধুরী, শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, সালাহউদ্দিন আহমেদ, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন এলডিপির রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বিজেপির শামীম আল মামুন, এনডিপির খোন্দকার গোলাম মূর্তজা, আলমগীর মজুমদার, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের কামরুজ্জামান খাঁন, ইসলামিক পার্টির আবদুল মবিন, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, পিপলস লীগের গরীব নেওয়াজ, জাগপার খোন্দকার লুৎফর রহমান, এনপিপির ফরিদুর রহমান ফরহাদ, ডিএলের সাইফুদ্দিন মনি ও জমিয়তে উলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩১৭ ঘ.
bdnews24