ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের পর নতুন কর্মসূচির সিদ্ধান্ত নিতে রাতে বৈঠকে বসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
হরতাল শেষ হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, “রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে।”
হরতালের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ১৮ নেতাকে বুধবার কারাগারে পাঠানোর পর দিনব্যাপী হরতালের ডাক দেয় বিরোধী দল।
বড় ধরনের গোলযোগ ছাড়াই হরতাল শেষ হয়েছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয় পুরোটা সময়ই অবরুদ্ধ রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনকে।
নজরুল ইসলাম খান বলেন, “আজকের হরতালে পুলিশ বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিরোধী দলের ওপর নিষ্ঠুর নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে। দলের কার্যালয়কে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। সরকার দেশে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চালাচ্ছে।”
তিনি দাবি করেন, বৃহস্পতিবারের হরতালে সারাদেশে ২৭০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত হয়েছেন তিন শতাধিক।
গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করে নজরুল বলেন, “আমাদের আন্দোলন চলবেই।”
বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু জিএস খোকনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা আজ কারাগারে। অন্যদিকে স্বৈরাচার এরশাদ সরকারের শরিক হিসেবে মুক্ত স্বাধীন জীবন-যাপন করছেন।”
স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান, এজিএস নাজিমউদ্দিন আলম, সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং এফ রহমান হলের তৎকালীন ভিপি হাবিব-উন নবী খান সোহেল হরতালের মামলায় কারাগারে রয়েছেন।
হামলা-হয়রানি-নির্যাতনেও বিরোধী দলের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নজরুল বলেন, “২০০৬ সালের অক্টোবরে আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে অরাজক আন্দোলন করেছিল, বিএনপি যে ধরনের আন্দোলনে বিশ্বাস করে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাব।”
হরতালের মামলায় কারাবন্দিদের মুক্ত করতে রাজপথের পাশাপাশি আইনি লড়াইও চলবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তবে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে কি না, তা নিয়ে সন্দেহের কথাও জানান তিনি।
“তারপরও আমরা বিশ্বাস করি, বিচারালয়ে এখনো এমন সাহসী বিচারক আছেন, যাদের কাছ থেকে সুবিচার পাওয়া যাবে। আমরা সেই প্রত্যাশায় নেতাদের মুক্তির বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাব,” বলেন নজরুল।
নয়া পল্টনে নজরুলের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শিরিন সুলতানা, রেহানা আখতার রানু, রাশেদা বেগম হীরা, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
বিএনপি নেতারা জানান, ঢাকার বাইরে ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, রাজশাহী, গাইবান্ধা, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, পিরোজপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, ভোলা, খাগড়াছড়ি, যশোরে বৃহস্পতিবার হরতালকারীদের ওপর হামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৪০ ঘ.
bdnews24