২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে গ্রেপ্তার ১৯

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সেন্টার) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদের মধ্যে মতিঝিল থানা এলাকা থেকে ২ জন, যাত্রাবাড়ীতে ১০ জন, খিলগাঁওয়ে ৪ জন, শেরে বাংলানগরে ১ জন এবং পল্টন থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থেকে গ্রেপ্তার দুইজনের মধ্যে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদীর সাবেক সাংসদ খায়রুল কবির খোকনও রয়েছেন। “হরতালে অরাজকতা সৃষ্টি করায় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে”, বলেন মাসুদ। পুলিশের তথ্য অনুযায়ী, এদিন রাজধানীতে ৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, ভাংচুর হয়েছে দুটি গাড়ি। বুধবার রাজধানীতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের কারণে দ্রুত বিচার আইনে তেজগাঁও, ওয়ারী, রমনা ও রামপুরা থানায় চারটি মামলা হয়েছে বলেও মাসুদুর রহমান জানান। বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেপ্তার ১১ জনকে এসব মামলায় আসামি করা হয়েছে। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে বুধবার কারাগারে পাঠায় আদালত। এর প্রতিবাদেই বৃহস্পতিবার সারাদেশে এই হরতাল করে বিরোধী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৯২৫ ঘ.