২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় রিজভীর জামিন, অন্যটিতে নাকচ

হরতালে বোমা বিস্ফোরণের মামলায় জামিন পেলেও গাড়ি পোড়ানোর ঘটনায় রুহুল কবির রিজভীর আবেদন নাকচ করেছে মহানগর দায়রা জজ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বোমা বিস্ফোরণের মামলায় জামিন পেলেও গাড়ি পোড়ানোর ঘটনায় রুহুল কবির রিজভীর আবেদন নাকচ করেছে মহানগর দায়রা জজ আদালত। ফলে বিএনপির এই যুগ্ম-মহাসচিবকে কারাগারেই থাকতে হচ্ছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গত ৩ মে এ দুই মামলায় জামিনের আবেদন নাকচ করে রিজভীকে কারাগারে পাঠানোয় তার আইনজীবীরা বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবার আবেদন করেন। শুনানি শেষে বিচারক জহুরুল হক সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানার মামলায় রিজভীকে জামিন দেন। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানার মামলায় জামিন আবেদন নাকচ করে দেন। এই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেজগাঁও থানার মামলায় ২১ মে অভিযোগপত্র গ্রহণের শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার এই অবস্থায় জামিন আবেদন গ্রহণ করার সুযোগ নেই।” আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে টানা হরতালের প্রথম দিন ২৯ এপ্রিল সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই রাতেই শাহবাগ থানা পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে একই দিনে তেজগাঁও থানায় আরেকটি মামলা হয়, যাতে আসামি করা হয় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে। পুলিশ ৩০ এপ্রিল এ দুই মামলায় রিজভীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ১০ মে তেজগাঁও থানার দ্রুত বিচার আইনের মামলায় আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে আসামি দেখানো হয় রিজভীসহ ৪৫ জনকে। এ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ জ্যেষ্ঠ নেতাকেও জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জেকে/১৭৩৩ ঘ.