২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের পুরনো মামলায় খোকন কারাগারে

গত ১৯ এপ্রিল হরতালের সময় ভাংচুর-বোমা বিস্ফোরণের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে সাত দিনের হেফাজতে চেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। প্রাথমিক শুনানি শেষে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী আগামী ২২ মে আরো শুনানির জন্য তারিখ রেখে খোকনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খোকনকে আটক করা হয়। এরপর পল্টন থানা পুলিশ দুপুরে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১৯ এপ্রিল হরতালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। পাশাপাশি খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেন পল্টন থানার উপ পরিদর্শক মোক্তার হোসেন। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা হরতালের সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের কাজে বাধা দান, গাড়ি ভাংচুর, চার পাঁচ হাজার লোক নিয়ে মিছিলের চেষ্টা এবং বোমা বিস্ফোরণের অভিযোগে ওই মামলা করেছিল পল্টন থানা পুলিশ। হেফাজতের আবেদন শুনে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ বিষয়ে আরো শুনানির জন্য ২২ মে দিন রাখেনে। ওইদিন মামলার প্রয়োজনীয় নথিও জমা দিতে বলেন তিনি। নরসিংদীর সাবেক সাংসদ খোকনের আইনজীবী মো. বোরহান উদ্দীন জানান, আদালত তার মক্কেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে কারাবিধি অনুযায়ী মর্যাদা (ডিভিশন) দেওয়ারও নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৬১৫ ঘ.