ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘নগ্ন হস্তক্ষেপের’ কারণে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
১৮ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সমিতির সভাপতি বলেন, “নিম্ন আদালত দুই লাইনের একটি আদেশ দিয়ে বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়ে দিয়েছে। এ আদেশের কারণে মনে হয়, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।”
বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন তিনি।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে বুধবার কারাগারে পাঠায় আদালত। এর প্রতিবাদেই বৃহস্পতিবার সারাদেশে হরতাল করে বিরোধী দল।
জয়নুল আবেদনী বলেন, সরকারের হস্তক্ষেপের কারণে শুধু নিম্ন আদালত নয়, সুপ্রিম কোর্ট সম্পর্কেও জনমনে ‘বিরূপ প্রতিক্রিয়া’ দেখা দিয়েছে।
কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তি দাবির পাশাপাশি নিম্ন আদালতে আইনজীবী ও সাংবাদিকদের ওপর ‘পুলিশি হামলার’ নিন্দা জানান বিএনপিপন্থী এই আইনজীবী।
সংবাদ সম্মেলনের পর জাতীয়বাদী আইনজীবী ফোরাম হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি সুপ্রিম কোর্টের গেটে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/জেকে/১৫৪০ ঘ.
bdnews24