২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাংবাদিক পেটানোয় যুবলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

পটুয়াখালী, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, সাংবাদিক পোটানোর মামলায় যুবলীগ নেতা ফিরোজ সর্দারকে বৃহস্পতিবার সকালে নওমালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান । ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে আদালতে উপস্থিত করে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বাউফল পৌরসভা নির্বাচনে প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘণের ঘটনার সংবাদ প্রকাশ করা নিয়ে বুধবার রাত ৯টার দিকে শহরের বাজার রোড এলাকায় বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সমকালের বাউফল প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায়কে মারধর করা হয়। ওসি নরেশ জানান, এ ঘটনায় আহত সাংবাদিক জিতেন্দ্র নাথ রায় ও মিজানুর রহমান বাদি হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছেন। মামলায় মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া পান্নুর ছোট ভাই পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা ফিরোজ সর্দার, অজ্ঞাতনামাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংবাদিক পেটানোর ঘটনা তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন এবং পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আহত জিতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌরসভা নির্বাচনে ক্ষমতাশীনদের বিরুদ্ধে আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগ পেয়ে খবর প্রকাশের জের ধরে যুবলীগ নেতা ফিরোজের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তার ওপর হামলা চালায়। নিজের বাসা থেকে রিকশায় প্রেসক্লাবে যাওয়ার পথে আওয়ামী লীগ কার্যালয়ের কাছাকাছি এলাকায় এ হামলা চালানো হয়। তিনি বলেন, “এ সময় ক্যাডারা তার পিঠে পিস্তল ঠেকিয়ে তার টাকা-পয়সা ও সোনার চেইন ছিনিয়ে নেয়।” আহত সাংবাদিক মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পান্নুর পক্ষে সংসদ সদস্য আসম ফিরোজ নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন অপর ৩ মেয়র প্রার্থী। এ অভিযোগের সংবাদ পত্রিকায় প্রকাশের জের ধরে জিতেনের ওপর হামলার খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান। “এ সময় ক্যাডাররা আমাকেও অকথ্যভাষায় গালিগালাজ করে এবং পিটিয়ে আহত করে।” স্থানীয় সংসদ সদস্য ও হুইপ ফিরোজের ক্যাডাররা এ হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। আসম ফিরোজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪০৭ ঘ.